হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মার্কিন রাজস্ব বিভাগ

যে সকল প্রবেশনারি কর্মী এখনো স্বেচ্ছায় পদত্যাগ করেননি বা সংস্থার জন্য অপরিহার্য হিসেবে চিহ্নিত হননি তারাই মূলত এই ছাঁটাইয়ের লক্ষ্যবস্তু।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস) বিভাগ আগামী কয়েকদিনের মধ্যে হাজার হাজার কর্মী ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুটি সূত্র। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়োগ পর্যবেক্ষণকারী দপ্তর, অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকল সরকারি সংস্থাগুলোকে তাদের প্রবেশনারি বা পরীক্ষামূলক কর্মীদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। এই কর্মীরা তুলনামূলকভাবে নতুন এবং তাদের পূর্ণ কর্মসংস্থান সুরক্ষা নেই।

তবে আইআরএস থেকে ঠিক কত হাজার কর্মী ছাঁটাই করা হবে তা এখনো স্পষ্ট নয়। বিভাগটির কর্মীসংখ্যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বেড়ে ১ লাখে পৌঁছেছিল। এর মধ্যে ছিলেন প্রায় ১৬ হাজার প্রবেশনারি কর্মী। বড় করপোরেশন ও ধনী করদাতাদের অডিট করার জন্য বাইডেন আইআরএসের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করেছিলেন।

যে সকল প্রবেশনারি কর্মী এখনো স্বেচ্ছায় পদত্যাগ করেননি বা সংস্থার জন্য অপরিহার্য হিসেবে চিহ্নিত হননি তারাই মূলত এই ছাঁটাইয়ের লক্ষ্যবস্তু। এমন সময়ে পদক্ষেপটি নেয়া হচ্ছে যখন কর দাখিলের শেষ সময়সীমা (এপ্রিল ১৫) ঘনিয়ে আসছে।

নিউইয়র্ক টাইমস প্রথম এ খবরটি প্রকাশ করে। সেখানে ছাঁটাইয়ের উদ্যোগটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ফেডারেল সরকার পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে জানানো হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, সরকারি সংস্থাগুলো অতিরিক্ত বড় ও অদক্ষ এবং এতে প্রচুর অপচয় ও দুর্নীতি হয়।

আইআরএস এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

আরও