যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়ার পর ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে করা জালিয়াতির মামলা প্রত্যাহার করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভারতে একটি বিশাল সৌরবিদ্যুৎ প্রকল্প নিশ্চিতে দেশটির সরকারি কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন বা সাড়ে ২৬ কোটি ডলার ঘুষ দেয়া এবং মার্কিন বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার দায়ে তার বিরুদ্ধে এ মামলা হয়েছিল। তবে আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। খবর আল জাজিরা।
নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক নিকোলাস গারাউফিসের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত চিঠিতে মার্কিন বিচার বিভাগ (ডিওজে) জানায়, বিচার বিভাগ মামলাটি পর্যালোচনা করেছে এবং তাদের আইনি ক্ষমতাবলে এ ফৌজদারি মামলার পেছনে আর বাড়তি সময় ও সম্পদ ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ হতে এখনো বিচারকের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের আমলে মামলাটি করা হয়েছিল। সে সময় অভিযোগ করা হয়েছিল, আদানি গ্রিন এনার্জি ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হাতিয়ে নিতে সরকারি কর্মকর্তাদের বিশাল অংকের ঘুষ দিয়েছে এবং মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন তোলার সময় সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছে। প্রসিকিউটরদের দাবি ছিল, ওই প্রক্রিয়ায় আদানি ও তার সহযোগীরা বাজার থেকে ৩ বিলিয়নেরও বেশি ডলারের তহবিল সংগ্রহ করেছিলেন।
সে সময় নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার তৎকালীন অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেছিলেন, বিলিয়ন ডলারের চুক্তি নিশ্চিতে অভিযুক্তরা ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেয়ার একটি জটিল নীলনকশা তৈরি করেছিলেন। আর গৌতম এস আদানি, সাগর আর আদানি ও বিনীত এস জৈন মার্কিন এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের সময় বিষয়টি গোপন রেখেছিলেন ও মিথ্যা বলেছিলেন।