পাকিস্তান মন্ত্রীসভায় খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদে দেশটির যে কোনো প্রদেশে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে। যুদ্ধ, বহিঃশত্রুর আগ্রাসন কিংবা প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা অভ্যন্তরীণ অস্থিরতায় দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। চূড়ান্ত অনুমোদনের জন্য এরই মধ্যে রাষ্ট্রপতির দপ্তরে সারসংক্ষেপ পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

পিএমওর বিবৃতিতে বলা হয়, আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় প্রদেশের পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রিসভার সদস্যরা।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির কাছে সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রদেশটিতে জরুরি অবস্থা জারির সুপারিশ করার প্রস্তাব দেয়া হয়েছে।

পাকিস্তানের সংবিধানের ২৩২ অনুচ্ছেদে দেশটির যেকোনো প্রদেশে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে। যুদ্ধ, বহিঃশত্রুর আগ্রাসন কিংবা প্রাদেশিক সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা অভ্যন্তরীণ অস্থিরতায় দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।

তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের প্রস্তাব প্রয়োজন। রাষ্ট্রপতি নিজ উদ্যোগে জরুরি অবস্থা ঘোষণা করলে ১০ দিনের মধ্যে সংসদের উভয় কক্ষে তা অনুমোদনের জন্য উপস্থাপন করতে হয়। জরুরি অবস্থায় সংসদ প্রাদেশিক বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতাও পায়।

২৩৩ অনুচ্ছেদে জরুরি অবস্থায় কিছু মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা দেয়া হয়েছে রাষ্ট্রপতিকে। অন্যদিকে, প্রদেশে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে ২৩৪ অনুচ্ছেদ অনুযায়ী গভর্নরের শাসন জারির বিধান রয়েছে।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, অর্থনীতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন খাইবার পাখতুনখাওয়া সরকারের বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। তিনি বলেন, আমি অর্থনীতি অস্থিতিশীল করতে দেব না।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সাম্প্রতিক চুক্তির প্রসঙ্গ টেনে শাহবাজ বলেন, চলতি বছরের মধ্যেই ১২০ কোটি ডলারের কিস্তি ছাড়া হবে বলে আশা করা হচ্ছে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের সংঘাতে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার স্বীকৃতি পাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

আরও