পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানার আরেক মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত।
পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন জানিয়েছে, আজ শনিবার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) একটি বিশেষ আদালত ইমরান ও বুশরাকে এ সাজা দেন। এ মামলা মূলত ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির দামি একটি গহনা সেট কেনা সম্পর্কিত।
২০২১ সালে সৌদিতে রাষ্ট্রীয় সফরে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে গহনাটি উপহার দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গহনার সেটটি সরকারি তোষাখানায় জমা হওয়ার কথা থাকলেও ইমরান দম্পতি তা অল্প দামে কিনে নিয়েছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, প্রায় ৮ কোটি পাকিস্তানি রুপির সেটটির জন্য ইমরান দম্পতি মাত্র ২৯ লাখ রুপি পরিশোধ করেছিলেন।
ডন জানিয়েছে, এ মামলায় ইমরানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে পাকিস্তানের ফৌজদারি আইনের ৩৪ ধারায় (সাধারণ অভিপ্রায়) ও ৪০৯ ধারায় (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) তাকে ১০ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) (সরকারি কর্মচারীদের অপরাধমূলক অসদাচরণ) ধারায় আরো সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছে। বুশরা বিবিকেও একই বিধানে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের দুজনকেই এক কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে শুনানিকালে এ রায় দেন বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ। ইমরান ওই কারাগারেই বন্দি আছেন।