এনডিটিভির প্রতিবেদন

এক বাংলাদেশীসহ ২৪ নাবিক নিয়ে ওডিশার কাছে কার্গো জাহাজডুবি

জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশী নাবিক ছিলেন। দুর্ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে

এক বাংলাদেশীসহ ২৪ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল পানামার পতাকাবাহী এমভি ওশান-উইনার নামের জাহাজটি ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশী নাবিক ছিলেন। দুর্ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

জাহাজটি গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। এতে ওডিশা থেকে তোলা ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।

শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার গতকাল স্থানীয় সময় বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায়। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ হারানোর বিষয়টি জানিয়ে উদ্ধার ও অনুসন্ধানে সহায়তার অনুরোধ করে।

এর পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের বরদ ও অনমোল নামের দুটি জাহাজকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাঠানো হয়। শ্রী বিজয়া পুরম থেকে ভিজিত নামের আরো একটি জাহাজও অভিযানে যুক্ত করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, তারা লাইফ র‌্যাফট থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করেছে।

এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য বলা হয়েছে।

আরও