জাপানের সর্বোচ্চ পর্বত ফুজির মাঝপথে সাত বছরের ছেলেকে একটি কোমল পানীয় ও কিছু হালকা খাবার দিয়ে ‘এখানে অপেক্ষা করো’ বলে কয়েক ঘণ্টার জন্য একা রেখে পর্বতারোহণ চালিয়ে গেছেন এক বাবা। পরে শিশুটিকে একা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাবাকে তিরস্কার করেছে পুলিশ।
কুয়াশা ও বৃষ্টির মধ্যে ফুজি পর্বতের ২ হাজার মিটারের বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটিকে বসে থাকতে দেখা যায়। ছেলেটি ক্লান্ত হয়ে পড়ার কথা জানালে ৪৮ বছর বয়সী বাবা তাকে ‘এখানে অপেক্ষা করো’ বলে বড় ছেলেকে নিয়ে চূড়ার দিকে এগিয়ে যান।
পরে চূড়ার দিকে যাওয়ার হাইকিং রুটের ষষ্ঠ স্টেশনের কাছে একটি পাহাড়ি বিশ্রামাগারের কর্মীরা শিশুটিকে দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে শিশুটির বাবাকে অষ্টম স্টেশন থেকে খুঁজে বের করা হয়। ওই স্থানটি শিশুটির অবস্থান থেকে প্রায় তিন ঘণ্টার হাঁটা পথ দূরে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শিশুটিকে একা অবস্থায় পাওয়া যায়। পরে ওপরের স্টেশন থেকে ফিরে এসে ছেলের সঙ্গে মিলিত হন বাবা।
জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় পুলিশ কর্মকর্তারা বাবাকে তিরস্কার করেন। এক কর্মকর্তা তাকে বলেন, একটি শিশুকে এভাবে একা রেখে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজের ‘বেপরোয়া’ সিদ্ধান্তের জন্য বাবা পরে ক্ষমা চান বলে জানা গেছে।
-খবর বিবিসি