সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ যথাযত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে তিনি এ আশা ব্যক্ত করেন।
এক সাংবাদিক প্রশ্ন করেন, দুর্গাপূজা এসেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ এনেছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গত তিন মাসে সংখ্যালঘুদের ওপর ১৪১টি অত্যাচারের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুনের ঘটনাও আছে। সংগঠনের অভিযোগ, একজনকেও গ্রেফতার করা হয়নি। অতীতেও এমন ঘটেছে, এখনো ঘটে চলেছে। এ বিষয়ে ভারত সরকারের মনোভাব কী?
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমাদের আশা বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে।’
সংবাদ সম্মেলনে আরেক সাংবাদিক বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশগ্রহণ না করা নিয়ে প্রশ্ন করেন।
তবে জয়সোয়াল এর সরাসরি কোনো উত্তর দেননি। বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন শেষে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। সন্ত্রাসবাদ, মাদক, অর্থ পাচারের মতো বেশ কিছু ঘটনা চিহ্নিত হয়েছে, যেগুলো মোকাবেলায় সব সদস্যদেশ সহযোগিতা করতে রাজি হয়েছে। জয়সোয়াল বলেন, ওই সম্মেলনে বাংলাদেশও যোগ দিয়েছে। ভারতের আশা, বিমসটেকের সব সদস্যদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার হবে।