সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সুস্বাদু ও মৌসুমি ফলের সমাহারে ‘বাংলাদেশ ফল উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হলো।
রোববার (২০ জুলাই) দুবাইয়ে শাবাব আল আহলি স্টেডিয়ামে এ ফল উৎসবের আয়োজন করা হয়।
দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের বিজনেস কাউন্সিলর আশিষ কুমার সরকার। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও স্বাদকে ফিরিয়ে আনে। এমন উদ্যোগ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।’
এ আয়োজনে ৭টি প্রদেশের ছয় শতাধিক প্রবাসী স্বতঃস্ফূর্তভাবে ফল উৎসবে অংশগ্রহণ করেন। দেশীয় ফল যেমন লিচু, কাঁঠাল, আম, জাম, তরমুজ, পেয়ারা, আনারস, আমলকি ও নানা ধরনের ফল প্রদর্শনের পর বিনামূল্যে বিতরণের মাধ্যমে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান, শারজাহ স্পেয়ার পার্টস সভাপতি শাহাদাত হোসেন, আজমান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল কুদ্দুস, দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নজরুল ইসলাম, কমিউনিটি নেতা প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ, নারী নেত্রী স্বপ্না মনি, লেডিস গ্রুপ অ্যাডমিন লাবণ্য আদিল লিজা।
সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুজিবুর রহমান মঞ্জু, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ বোরহান, হাজী শওকত আলী ও সিরাজ নেওয়াজ। এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটি নেতা সেলিম রেজা, মোহাম্মদ জসিম, সিরাজুল ইসলাম নওয়াব, কামাল সুমন, মোহাম্মদ রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসবে দেশীয় ফলের প্রদর্শনীর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী সাংবাদিকদের হাতে সম্মাননা সনদপত্র তুলে দেয়া হয়। আয়োজকেরা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক কর্মসূচি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকার প্রতি সম্মান জানাতেই এ উদ্যোগ।
ফল উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, ‘প্রবাসেও আমরা যেন দেশের স্বাদ ও আবহ অনুভব করতে পারি, সেই চেষ্টায় এ আয়োজন। ভবিষ্যতেও প্রবাসীদের সঙ্গে দেশীয় ঐতিহ্য ভাগ করে নেয়ার এমন আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
উৎসব শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।