যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না: পোপ লিও
ভ্যাটিকান সিটিতে পাম সানডে’র আয়োজনে পোপ লিও। ছবি: রয়টার্স
পোপ লিও বলেছেন, যারা যুদ্ধ শুরু করে এবং যাদের ‘হাত রক্তে ভরা’ তাদের প্রার্থনা গ্রহণ করেন না ঈশ্বর। ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশের প্রেক্ষাপটে এ ‘অস্বাভাবিকভাবে কড়া’ মন্তব্য করলেন তিনি।
পাম সানডে উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া কয়েক হাজার খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ আখ্যা দেন। পোপ লিও বলেন, কোনো যুদ্ধের পক্ষে যিশুকে ব্যবহার করা যায় না।
তিনি বলেন, ‘এটাই আমাদের ঈশ্বর শান্তির রাজা যিশু, যিনি যুদ্ধকে প্রত্যাখ্যান করেন এবং যাকে কেউ যুদ্ধকে ন্যায্যতা দিতে ব্যবহার করতে পারে না।’
ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ এ নেতা আরো বলেন, ‘(যিশু) যুদ্ধবাজদের প্রার্থনা শোনেন না, বরং তা প্রত্যাখ্যান করেন।’
বাইবেলকে উদ্ধৃত করেন এভাবে, ‘তোমরা যতই প্রার্থনা করো না কেন, আমি শুনব না; তোমাদের হাত রক্তে ভরা।’
পোপ লিও নির্দিষ্ট করে কোনো বিশ্বনেতার নাম উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা আরো জোরালো করেছেন তিনি।
রোববারের অনুষ্ঠানের শেষে দেয়া বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যের খ্রিস্টানরা ‘ভয়াবহ সংঘাতের পরিণতি ভোগ করছেন’ এবং তারা হয়তো ইস্টার উদযাপন করতে পারবেন না।
সতর্কভাবে কথা বলার জন্য পরিচিত এ পোপ বারবার অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার বলেন, সামরিক বিমান হামলা নির্বিচারে হয় এবং তা নিষিদ্ধ করা উচিত।
এদিকে যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলাকে ন্যায্যতা দিতে খ্রিস্টান ধর্মীয় পরিভাষা ব্যবহার করে আসছেন। এ নিয়ে খোদ মার্কিন সেনারা অভিযোগ তুলেছেন।
সম্প্রতি পেন্টাগনে খ্রিস্টানদের নিয়ে নিয়ে প্রার্থনা সভা পরিচালনা শুরু করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। গত বুধবার এক প্রার্থনা সভায় তিনি বলেন, ‘যারা করুণা পাওয়ার যোগ্য নয়, তাদের বিরুদ্ধে কঠোরভাবে শক্তি প্রয়োগ করা হোক।’
সূত্র: রয়টার্স