ট্রাম্প-শি বৈঠকে গুরুত্ব পাবে কৃষিপণ্য ও জ্বালানি বাণিজ্য

আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা।

যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য বিরোধে কৃষিপণ্য ও জ্বালানি গুরুত্বপূর্ণ দরকষাকষির বিষয়। আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা। বৈঠকে এসব পণ্যের বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে। কোনো সমঝোতা হলে সয়াবিন, ভুট্টা, তেল ও গ্যাসের আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের অন্যতম বড় ক্রেতাদেশ চীন। ২০২৪ সালে দেশটিতে প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলারের কৃষিপণ্য রফতানি করে যুক্তরাষ্ট্র। এর বড় অংশ ছিল সয়াবিন। হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, চীন ২০২৮ সাল পর্যন্ত প্রতি বছর ২ কোটি ৫০ লাখ টন মার্কিন সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বেইজিং তা নিশ্চিত করেনি। শুল্ক কমলে বাড়তে পারে জোয়ার ও ভুট্টা রফতানিও।

জ্বালানি খাতেও সমঝোতার সম্ভাবনা রয়েছে। শুল্কের কারণে মার্কিন জ্বালানি তেল ও এলএনজি আমদানি প্রায় বন্ধ রেখেছে চীন। শুল্ক কমলে এ বাণিজ্য বাড়তে পারে। তবে চীনা ক্রেতারা দীর্ঘমেয়াদি চুক্তির গ্যাস অন্য বাজারে বিক্রি করায় মার্কিন এলএনজি উৎপাদকদের তাৎক্ষণিক সুবিধা নাও হতে পারে।

ইরান ও রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতা চীন। এ বাণিজ্যে যুক্ত কিছু চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাম্প কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেছেন।

আরও