সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দারফুরের এক দুর্ভিক্ষপীড়িত বাস্তুচ্যুতদের শিবিরে হামলা চালিয়ে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন। খবর আল জাজিরা।
সোমবার উত্তর দারফুরের রাজধানী এল-ফাশারের উত্তর প্রান্তে অবস্থিত আবু শৌক শিবিরে হামলা চালায় আরএসএফ। স্থানীয় ইমারজেন্সি রেসপন্স রুম জানায়, সশস্ত্র সদস্যরা ঘরবাড়ি ও রাস্তায় নির্বিচারে গুলি চালায়। এতে ১৯ জনেরও বেশি আহত হন।
২০২৪ সালের মে থেকে এল-ফাশারকে অবরোধ করে রেখেছে আরএসএফ। শহরটি উত্তর দারফুরে সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ প্রধান কেন্দ্র।
গণতন্ত্রপন্থী স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় রেজিস্ট্যান্স কমিটি নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং ‘নিরস্ত্র নিরীহ মানুষের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ নৃশংসতার’ তীব্র নিন্দা জানিয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন। জাতিসংঘের ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে পরিণত হয়েছে সুদানের দারফুর।