ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৫ হাজার ছাড়াল

গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলু, রয়টার্স।

গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক পরিসংখ্যানের বরাতে রদ্রিগেজ জানান, ভয়াবহ এ ভূকম্পনে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করে তিনি বলেন, সরকারিভাবে এরই মধ্যে ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে জরুরি সহায়তা দেয়া হয়েছে। বাস্তুচ্যুত ২১ হাজার ২৩৫ জন মানুষের আশ্রয়ের জন্য ১০৬টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। তবে এখনো প্রায় ১৭ হাজার ৯০৭ জন মানুষ স্থায়ী আবাসনহীন অবস্থায় রয়েছেন।

রদ্রিগেজের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতায় দেশটির অন্তত ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ভেঙে পড়েছে।

জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, এ বিপর্যয় কাটিয়ে উঠতে এবং পুনর্গঠন কার্যক্রম চালাতে ভেনেজুয়েলার প্রায় ৩ হাজার ৭০০ কোটি (৩৭ বিলিয়ন) ডলার প্রয়োজন। তবে ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এ বিপুল পরিমাণ তহবিল জোগাড় করা দেশটির সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের সহ-পরিচালক ও সিনিয়র অর্থনীতিবিদ মার্ক ওয়াইসব্রট বলেন, ভেনেজুয়েলার কাছে এ সংকট মোকাবেলার মতো প্রয়োজনীয় সম্পদ রয়েছে। তবে তা তাদের ব্যবহার করতে দেয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ব্যাংকে দেশটির প্রায় ১ হাজার ১০০ কোটি (১১ বিলিয়ন) ডলারের আইনি তহবিল অবরুদ্ধ (ব্লক) হয়ে আছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এল পাইস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াইট হাউজের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা ভেনেজুয়েলার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেন, এ নিষেধাজ্ঞা জরুরি ত্রাণ কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং দেশটির পুনর্গঠন প্রক্রিয়াকে ধীরগতির করে তুলেছে।

আরও