থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলজুড়ে অবিরাম ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা মারাত্মক রূপ নিয়েছে। পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় সঙ্খলা প্রদেশে ‘দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা করেছে দেশটির সরকার। বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। খবর আল জাজিরা।
সরকারি ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সঙ্খলার হাট ইয়াই জেলায় গত শুক্রবার একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। অনেক এলাকায় পানি ২ মিটার পর্যন্ত উঠে গেছে। কেবল হাট ইয়াই শহরেই পানিবন্দি হয়ে পড়েছে দেড় লাখ মানুষ।
বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন বলে জানিয়েছে থাইল্যান্ডের ডিপার্টমেন্ট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন। শঙ্খলা প্রদেশের অন্তত ১৭টি বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থাও।
রয়টার্সের খবরে বলা হয়, দক্ষিণ থাইল্যান্ডের নয় প্রদেশের ২১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১৩ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছে। অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সাহায্য পৌঁছানো যাচ্ছে না।
এদিকে, প্রতিবেশী দেশ মালয়েশিয়ার বন্যা পরিস্থিতিও দ্রুত অবনতি হচ্ছে। দেশটির উত্তর সীমান্তবর্তী অঞ্চলে ১৯ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকা, কেলান্তান।