লাইভ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

৪৬ আপডেট
  • ৩ মার্চ, ২০২৬

    ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত ৫২ জন নিহত

    ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত ৫২ জন নিহত এবং ১৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, হামলায় ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন

  • ২ মার্চ, ২০২৬

    দুই ইরানি বোমারু বিমান ভূপাতিত করার দাবি কাতারের

    দুটি ইরানি বোমারু বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে কাতার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা দুটি সু-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রথমবারের মতো কোনো দেশ ইরানি বোমারু বিমান ভূপাতিত করার দাবি জানাল

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিস্ফোরক সাক্ষাৎকারে ইরানে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেননি। তিনি জানিয়েছেন, যদি ‘প্রয়োজনীয় মনে হয়’ তবে ইরানে মার্কিন সামরিক উপস্থিতি (Boots on the Ground) বাড়ানো হতে পারে। নিউ ইয়র্ক পোস্ট-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘স্থলসেনা মোতায়েন নিয়ে আমার কোনো জড়তা (yips) নেই। অন্য সব প্রেসিডেন্টদের মতো আমি অন্তত এ প্রতিশ্রুতি দেব না যে—কখনোই স্থলসেনা পাঠানো হবে না। আমি তেমনটা বলি না।’

    তিনি আরো যোগ করেন, ‘আমি বড়জোর বলতে পারি যে, সম্ভবত আমাদের তাদের প্রয়োজন নেই; কিন্তু যদি পরিস্থিতি তেমন দাঁড়ায় যে তাদের প্রয়োজন, তবে অবশ্যই তাদের পাঠানো হবে।’

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনো ‘কঠোর আঘাত’ করেনি। বড় হামলা এখনো বাকি। শিগগিরই ‘মূল আক্রমণ’ করা হবে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না স্পেন

    ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এই সামরিক অভিযানকে ‘অন্যায় ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে মাদ্রিদ সাফ জানিয়ে দিয়েছে, স্পেনের রোটা ও মোরন ঘাঁটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে চলমান এই হামলায় ব্যবহৃত হবে না। খবর দ্য গার্ডিয়ান। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ‘একতরফা সামরিক পদক্ষেপের’ কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অভিযান একটি ‘শত্রুতাপূর্ণ ও অনিশ্চিত আন্তর্জাতিক ব্যবস্থা’ তৈরি করছে। দেশটি পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, আমরা ইরানের জনগণের জন্য গণতন্ত্র ও স্বাধীনতা চাই, কিন্তু তার মানে এ নয় যে আমাদের ঘাঁটিগুলো এ সামরিক অভিযানে ব্যবহার করতে দেব। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘাঁটিগুলো কেবল দ্বিপাক্ষিক চুক্তি এবং জাতিসংঘ সনদের কাঠামোর মধ্যেই ব্যবহৃত হবে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে শাসকের ‘অবশ্যই পরিবর্তন ঘটেছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান তথাকথিত ‘শাসক পরিবর্তনের’ যুদ্ধ নয়। তবে ইরানের শাসকগোষ্ঠীর অবশ্যই পরিবর্তন ঘটেছে। এর ফলে বিশ্বের মঙ্গলই হয়েছে। সোমবার পেন্টাগনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‌‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি। সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেছেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো দেশটির ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করা ও তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, এটি ইরাক যুদ্ধ নয়। এটি অনন্তকাল ধরে চলা কোনো লড়াইও নয়।

  • ২ মার্চ, ২০২৬

    সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলা হবে: ইরানি কমান্ডার

    দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারির উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে। ইব্রাহিম জাবারি বলছেন, আমেরিকানরা তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। আমরা সেখানেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব, যাতে সেখান থেকেও তাদের চলে যেতে বাধ্য করা যায়।

  • ২ মার্চ, ২০২৬

    ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

    ইরানি হামলার মুখে বিশ্বের অন্যতম প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক কোম্পানি ‘কাতার এনার্জি’র উৎপাদন বন্ধের ঘোষণায় ইউরোপে গ্যাসের দাম ৫০ শতাংশ বেড়ে গেছে। সোমবার গ্যাস উত্তোলন উৎপাদন বন্ধ রাখার কথা জানিয়েছে কাতার এনার্জি।

    উড ম্যাকেঞ্জির গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসিমো দি ওদোয়ার্দো বলেন, এলএনজি প্রবাহে বিঘ্ন ঘটলে এশিয়া ও ইউরোপের মধ্যে অবশিষ্ট কার্গোগুলো গ্যাস পাওয়ার জন্য নতুন করে প্রতিযোগিতা শুরু করবে।

    আইসিই’র তথ্য অনুযায়ী, ডাচ টিটিএফ হাবের সামনের মাসের চুক্তিমূল্য ১৪ দশমিক ৫৬ ইউরো বেড়ে ৪৬ দশমিক ৫২ ইউরো (প্রতি মেগাওয়াট ঘণ্টা) দাঁড়িয়েছে। আল জাজিরা জানিয়েছে, দিনের শুরুতেই দাম ২৫ শতাংশ বেশি ছিল। কাতার এনার্জির উৎপাদন বন্ধের খবরের পর সেই ঊর্ধ্বগতি আরও কয়েক গুণ বেড়ে গেছে।

  • ২ মার্চ, ২০২৬

    সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলা হবে: ইরানি কমান্ডার

    দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারির উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে। ইব্রাহিম জাবারি বলছেন, ‘আমেরিকানরা তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। আমরা সেখানেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব, যাতে সেখান থেকেও তাদের চলে যেতে বাধ্য করা যায়।’

  • ২ মার্চ, ২০২৬

    ইরানের হামলায় গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করল কাতার

    কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি কাতার এনার্জি প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন কোম্পানির দু’টি স্থাপনায় আঘাত হানার পর সোমবার ওই ঘোষণা দেয়া হয়েছে।

    এক বিবৃতিতে কাতারএনার্জি বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। যে কারণে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। কাতারএনার্জি বলেছে, ‘ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।’

  • ২ মার্চ, ২০২৬

    ইসফাহানে পারমাণবিক স্থাপনা ও সামরিক বিমান ঘাঁটিতে বিস্ফোরণ

    ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনা ও সামরিক বিমানঘাঁটির কাছে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। আলজাজিরা ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ বিস্ফোরণের তথ্য জানিয়েছে

  • ২ মার্চ, ২০২৬

    বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

    বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া নতুন দফার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার জানায়, শত্রুপক্ষের মোট ৭০টি ক্ষেপণাস্ত্র ও ৫৯টি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে

  • ২ মার্চ, ২০২৬

    মার্কিন সেনাবাহিনীর ১৮ সদস্য ‘গুরুতর আহত’: সেন্টকম

    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ১৮ জন মার্কিন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স।

    সেন্টকম জানিয়েছে, চলমান অভিযানে তিন মার্কিন সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

    পরে সেই সংখ্যা হালনাগাদ করে জানানো হয়েছে, নিহত সেনার সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

    একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, চারজনই কুয়েতে একই হামলায় নিহত হন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১৮ জন।

  • ২ মার্চ, ২০২৬

    আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মারা গেছেন

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন। খবরটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

    এর আগে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে হামলা চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান হামলা চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

    মার্কিন কর্মকর্তারা বলেছেন, এ অভিযান কয়েক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

    রয়টার্স জানিয়েছে, দীর্ঘমেয়াদি একটি অভিযানের পরিকল্পনা করা হয়েছে, যা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানি হামলায় কাতারের এলএনজি উৎপাদন বন্ধ

    ইরানের হামলার পর কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে। রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতারএনার্জি জানিয়েছে, রাস লাফান অনশোর গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও মেসাইয়িদে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হামলার শিকার হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    বৈশ্বিক জ্বালানি বাজারে শীর্ষ এলএনজি রপ্তানিকারকদের মধ্যে থাকা কাতারের এ পদক্ষেপে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়ার সঙ্গে কাতার বিশ্বের প্রধান এলএনজি উৎপাদকদের একটি। উৎপাদন বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • ২ মার্চ, ২০২৬

    ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার দাবি ইরানের, নেতানিয়াহুর পরিণতি অনিশ্চিত বলছে তেহরান

    ইরান জানিয়েছে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্যবস্তু করেছে। এর পর থেকেই তার পরিণতি অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলেও দাবি তেহরানের। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কেনো মন্তব্য করেনি তেল আবিব।

    ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী খাইবার ক্ষেপণাস্ত্র হামলার দশম দফায় নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানস্থলে আঘাত হেনে তা গুরুতরভাবে ধ্বংস করেছে।

    নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওটি ছিল কয়েক মিনিটের একটি বার্তা, যা পাঁচ ঘণ্টা আগে প্রচার করা হয়। এরপর থেকে তার কোনো নতুন ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি।

  • ২ মার্চ, ২০২৬

    নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে: ইরান

    জাতিসংঘের পারমাণবিক সংস্থায় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী রোববার তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে।

    সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৩৫ জাতির গভর্নরদের বোর্ড মিটিংয়ের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা আবার গতকাল ইরানের শান্তিপূর্ণ, সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটিতে হামলা চালিয়েছে।’ কোনো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, রয়টার্সের এমন প্রশ্নে তিনি বলেন, ‘নাতাঞ্জ।’

  • ২ মার্চ, ২০২৬

    উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় ৩৪ সহস্রাধিক ফ্লাইট বাতিল

    ইরান যুদ্ধের জেরে বর্তমানে উপসাগরীয় অঞ্চলে আনুমানিক ৩ লাখ মানুষ আটকে পড়েছেন বলে খর দিয়েছে আল জাজিরা। তাদেরকে সরিয়ে নেয়ার কাজে সহায়তার জন্য যুক্তরাজ্য দল পাঠানোর উদ্যোগ নিয়েছে।

    ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সংঘাতের প্রথম কয়েক দিনে ৩,৪০০–এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, শারজাহ, আবু ধাবি এবং দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ প্রধান আঞ্চলিক বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করেছে। ওই অঞ্চলের ছয়-সাতটি বড় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

    আল জাজিরা লিখেছে, ওই অঞ্চলের বিস্তীর্ণ অংশের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এর ফলে বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে, কারণ মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে।

  • ২ মার্চ, ২০২৬

    কাতারের জ্বালানি স্থাপনায় হামলা

    কাতারের প্রতিরক্ষা মন্ত্রঝণালয় দাবি করেছে, ইরানি দুটি ড্রোন রাস লাফান শিল্প শহরের জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে। একটি ড্রোন মেসাইদের বিদ্যুৎকেন্দ্রের পানি ট্যাঙ্ককে লক্ষ্য করেছে এবং অন্যটি রাস লাফান শিল্প শহরে কাতার এনার্জির একটি জ্বালানি প্রতিষ্ঠানকে লক্ষ্য করেছে, কোনো মানুষের ক্ষতির খবর পাওয়া যায়নি।’

    মন্ত্রণালয় বলছে, হামলায় হওয়া ক্ষতি এবং লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং পরে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে।'

  • ২ মার্চ, ২০২৬

    ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলায় নিহত ১

    ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, মাসকাত গভর্নরেট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে এমকেডি ভিওয়াইওএম তেল ট্যাংকার আক্রান্ত হয়। এতে আক্রমণ চালায় বিস্ফোরক ঠাসা একটি নৌকা।

    হামলার ফলে ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে এবং অন্তত একজন ক্রু নিহত হয়েছে। এছাড়া ২১ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

    ওমানের রয়াল নেভির একটি জাহাজ ট্যাংকারটি দেখভাল করছে এবং ওই জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য প্রয়োজনীয় নৌপথ সতর্কতা জারি করা হয়েছে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে যোগ দেয়ার কথা বিবেচনা করছে জার্মানি

    জার্মানির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলো ইসরায়েলের আর্মি রেডিওকে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে যোগ দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জার্মানি। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর হামলা বন্ধ না করলে এ সিদ্ধান্ত নিতে পারে তারা।

    টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও দেশটির পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা রেডিও স্টেশনটিকে বলেছেন, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক পদক্ষেপে অংশ নেওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে। বোমা হামলায় অংশ নেওয়া থেকে শুরু করে সামরিক ও আকাপথে সহায়তা করতে পারে তারা।

    তবে ইসরায়েলি আর্মি রেডিওর এ প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের জার্মান দূতাবাস মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। রোববার রাতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানি হামলার নিন্দা করেছে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানি ক্ষেপণাস্ত্রের দশম ঢেউ: ইসরায়েল ও পশ্চিম তীরে বাড়ছে উদ্বেগ

    ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে দশম দফার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে, যা পুরো অঞ্চলে এক উত্তজনা ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এ আতঙ্ক কেবল ইসরায়েলি ভূখণ্ডেই সীমাবদ্ধ নেই, বরং অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

    পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরো বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তাদের কাছে ইসরায়েলিদের মতো উন্নত 'হোম ফ্রন্ট অ্যালার্ট' সিস্টেম, বিমান হামলার সাইরেন বা শক্তিশালী বোম শেল্টার (সুরক্ষিত আশ্রয়কেন্দ্র) নেই। ফলে আকাশপথে আসা যেকোনো ক্ষেপণাস্ত্র বা ধ্বংসাবশেষের মুখে তারা একেবারেই অরক্ষিত অবস্থায় রয়েছে।

    রোববার রাতের প্রথম ভাগে হামলার তীব্রতা কিছুটা কম থাকলেও সোমবার সকাল থেকে ইরান থেকে একের পর এক ভারী গোলাবর্ষণ শুরু হয়। ইসরায়েলের বিভিন্ন প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে এই শব্দগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' কর্তৃক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ফলে হচ্ছে, নাকি কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার ফলে হচ্ছে—তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে।

    গতকাল পশ্চিম জেরুজালেমের নিকটবর্তী বেইত শেমেশ শহরে একটি সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের ওপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নয়জন ইসরায়েলি নিহত হওয়ার পর থেকে জনমনে আতঙ্ক আরো বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে গত জুন মাসের যুদ্ধের তুলনায় অনেক বেশি ইসরায়েলি নাগরিককে দীর্ঘ সময় ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে।

    ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা আগের যুদ্ধের চেয়ে কম হতে পারে। কিন্তু এবার একেকটি হামলার স্থায়িত্ব এবং তীব্রতা অনেক বেশি। অনেক ক্ষেত্রে নাগরিকদের টানা তিন ঘণ্টা পর্যন্ত অন্ধকার ও সরু শেল্টারের ভেতরে বসে থাকতে হচ্ছে। এই দীর্ঘস্থায়ী অবস্থান এবং ঘনঘন সাইরেন বাজার ঘটনা প্রমাণ করে যে, ইরান এবার অনেক বেশি পরিকল্পিত এবং বিধ্বংসী লক্ষ্য নিয়ে ইসরায়েলকে আঘাত করছে। পুরো ইসরায়েল এখন কার্যত স্থবির হয়ে পড়েছে এবং জনজীবন হয়ে পড়েছে পুরোপুরি বাঙ্কারকেন্দ্রিক।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে ৪৮ ঘণ্টা পার করল ইন্টারনেট ব্ল্যাকআউট

    ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ৪৮ ঘণ্টা পার করেছে। বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা ‘নেটব্লকস’ নিশ্চিত করেছে যে, গত দুই দিন ধরে ইরানের সাধারণ নাগরিকরা বহিবিশ্বের সাথে প্রায় কোনো যোগাযোগ করতে পারছেন না।

    নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, গত জানুয়ারিতেও ইরানে কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেট বন্ধ ছিল, যার আড়ালে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। পর্যবেক্ষকদের মতে, বর্তমান যুদ্ধের ভয়াবহতা এবং অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের উদ্দেশ্যে সরকার পরিকল্পিতভাবে এই ব্ল্যাকআউট বজায় রাখছে, যাতে প্রকৃত ক্ষয়ক্ষতির ছবি বিশ্বের সামনে না আসে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানের ফার্স প্রদেশে অন্তত ৩৫ জন নিহত

    ইরানের সংবাদমাধ্যম তাসনিম–এর বরাতে বলা হয়েছে, ফার্স প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন শহরের মানুষ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে: রেড ক্রিসেন্ট

    ইরানে গত কয়েকদিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ অনেক এলাকা এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

    সংগঠনটির মতে, এসব হামলা ১৩১টি শহর ও প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং সহায়তাকারী দলগুলো উদ্ধার ও চিকিৎসা কাজে নিয়োজিত রয়েছে। পরিস্থিতি সামনে আরো পরিবর্তিত হতে পারে।

  • ২ মার্চ, ২০২৬

    কুয়েতে ‘একাধিক’ মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

    কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার এক বিবৃতিতে কুয়েত বলেছে, এই দুর্ঘটনায় বিমানগুলো বিধ্বস্ত হলেও ক্রু সদস্যদের সবাই বেঁচে গেছেন।

    মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সমস্ত ক্রু সদস্য এখন ‘স্থিতিশীল’ অবস্থায় আছেন এবং কুয়েত ঘটনাটি নিয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ‘সরাসরি সমন্বয়’ বজায় রাখছে।

  • ২ মার্চ, ২০২৬

    ড্রোন হামলার পর আরামকো জ্বালানি পরিশোধনাগার বন্ধ

    ড্রোন হামলার পর সৌদি আরবের সবচেয়ে বড় জ্বালানি পরিশোধনাগার কোম্পানি আরামকো তাদের রাস তানুরা শোধনাগার বন্ধ করে দিয়েছে। একটি শিল্প সংশ্লিষ্ট সূত্র সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বয়টার্স।

    সৌদি আরবের উপসাগরীয় উপকূলে অবস্থিত রাস তানুরা কমপ্লেক্সটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শোধনাগার, যার দৈনিক উৎপাদন ক্ষমতা ৫,৫০,০০০ ব্যারেল। এছাড়া এটি সৌদি অপরিশোধিত তেল রপ্তানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল হিসেবে ব্যবহৃত হয়।

  • ২ মার্চ, ২০২৬

    মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি যুক্তরাজ্যের

    মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সরিয়ে নিতে সহায়তামূলক ব্যবস্থা গড়ে তুলছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছেন, ওই অঞ্চলে প্রায় ৩ লাখ ব্রিটিশ নাগরিক তাদের অবস্থানের কথা সরকারকে নিবন্ধন করে জানিয়েছেন।

    ইভেট কুপার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের পথ ও উপায় খতিয়ে দেখছি। এক্ষেত্রে আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রির (ভ্রমণ সংস্থা) সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি এবং প্রয়োজন হলে সরকারি ব্যবস্থাপনায় সরাসরি ইভাকুয়েশন বা উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।‘

    তিনি আরো জানান, ব্রিটিশ সরকার ওই অঞ্চলের আকাশসীমা পুনরায় খুলে দেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে যাতে সাধারণ ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলতে পারে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে চীনা নাগরিক নিহত

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তেহরানে অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন। চীনা মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

    মাও নিং বলেছেন, ‘সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের বিস্তার রোধ করা। এ পরিস্থিতি কেবল সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।‘

  • ২ মার্চ, ২০২৬

    কাতার এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ থাকবে

    কাতারের বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ জানিয়েছে যে, দেশটির আকাশসীমা বন্ধ থাকায় তাদের ফ্লাইটগুলো চলবে না।

    সংস্থা জানিয়েছে, কাতার কর্তৃপক্ষ আকাশসীমা নিরাপদ ঘোষণা করলে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

  • ২ মার্চ, ২০২৬

    ইরাকের এরবিলে শক্তিশালী বিস্ফোরণ

    ইরাকের কুর্দিস্তান স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এরবিলে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলা করছে।

  • ২ মার্চ, ২০২৬

    দোহা, বাহরাইন এবং দুবাইতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

    কাতারের রাজধানী দোহা, বাহরাইন এবং দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    এর আগে সোমবার মধ্যরাতের পর ইসরায়েল তার ভাষায় লেবাননে 'হিজবুল্লাহ ঘাঁটি' লক্ষ্য করে গোলা নিক্ষেপ করতে শুরু করে।

    ইসরায়েলের দাবি, তার আগে হিজবুল্লাহ তাদের দিকে রকেট নিক্ষেপ করেছে।

    সোমবার ভোরের দিকে লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এ হামলা চালানো হয়।

  • ২ মার্চ, ২০২৬

    হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের ঘোষণা

    ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি নতুন ‘অফেন্সিভ ক্যাম্পেইন’ বা আক্রমণাত্মক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ইয়াল জামির একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা দেন। মূলত উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট হামলার প্রতিক্রিয়ায় এই কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।

  • ২ মার্চ, ২০২৬

    লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত

    লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বিমান বাহিনী বোমাবর্ষণ শুরু করেছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪৯ জনেরও বেশি মানুষ। লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের উপকণ্ঠ লক্ষ্য করে চালানো এই হামলাগুলোতে বেসামরিক লোকজনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আবাসিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং স্থানীয়রা প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছে।

  • ২ মার্চ, ২০২৬

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান: লারিজানি

    ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন যে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো প্রক্রিয়ার মধ্যেই নেই।

    সামাজিক মাধ্যম এক্স-এ লারিজানি লিখেছেন, ‘ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না।‘

    এর আগে মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল' এক প্রতিবেদনে দাবি করেছিল যে, আলী লারিজানি ওমানের মধ্যস্থতায় আমেরিকার সাথে যোগাযোগ করেছেন এবং স্থগিত হয়ে থাকা আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছেন। ওই রিপোর্টে বলা হয়েছিল, ইরান বর্তমান সংকট নিরসনে ওয়াশিংটনের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

  • ২ মার্চ, ২০২৬

    বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত: রয়টার্স

    লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

  • ২ মার্চ, ২০২৬

    লেবাননের ৫০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

    ইসরায়েল লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে এবং সেখানে হামলার হুঁশিয়ারি দিয়েছে। চিহ্নিত এলাকার বাসিন্দাদের বসতি থেকে অন্তত ১ হাজার মিটার দূরে উন্মুক্ত স্থানে সরে যেতে বলা হয়েছে।

    ইসরায়েলি সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আপনার নিরাপত্তার স্বার্থে, অবিলম্বে ঘরবাড়ি খালি করুন এবং গ্রাম থেকে অন্তত ১ হাজার মিটার দূরে খোলা জায়গায় চলে যান। যদি কেউ হিজবুল্লাহ সদস্য, তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তিনি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন।‘

  • ২ মার্চ, ২০২৬

    ট্রাম্পের ইরান নীতি নিয়ে প্রশ্ন তুললেন ইরানি-আমেরিকান কংগ্রেস সদস্য

    মার্কিন কংগ্রেসের ইরানি বংশোদ্ভূত দুই সদস্যের একজন ইয়াসমিন আনসারি সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন যে, ইরান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পরিকল্পনা বা সদিচ্ছা নেই।

    অ্যারিজোনা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট এই প্রতিনিধি বলেন, ‘ইরানের প্রায় ৯ কোটি মানুষ একটি সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার দাবিদার। সে সঙ্গে, মার্কিনিদের জীবনও ঝুঁকিতে।‘ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ট্রাম্পের নীতিতে দেশ এবং আন্তর্জাতিক শান্তি উভয়ই প্রভাবিত হতে পারে।

    তিনি আরো জানান, তার অভিভাবকরা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরান ত্যাগ করেছিলেন, এবং তার এই উদ্বেগ সেই প্রেক্ষাপট থেকে উদ্ভূত।

    তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি আমার ধারণা যেন ভুল প্রমাণিত হয়, কিন্তু ট্রাম্পের অতীত কর্মকাণ্ড ইরানের জন্য ভালো কিছুর ইঙ্গিত দেয় না।‘

  • ২ মার্চ, ২০২৬

    ইরানে মেয়েদের স্কুলে হামলায় প্রাণহানি বেড়ে ১৮০

    ইরানের দক্ষিণাঞ্চল মিনাবে মেয়েদের প্রাথমিক বিদ্যালয় শাজারেহ তাইয়্যেবেহ স্কুলে ইসরায়্যেল ও মার্কিন যৌথ হামলায় নিহতের সংখ্যা প্রায় ১৮০ তে পৌঁছেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় স্বাস্থ্য ও সরকারি সূত্র মতে, এটি নিহতের প্রাথমিক হিসাব। অনেক শিশুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরো জানান, মিনাবের ওই স্কুলে যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, ঠিক একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েক ঘণ্টা আগে তেহরানের গান্ধী হাসপাতালেও হামলা চালানো হয়েছিল। হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেসামরিক স্থাপনাগুলোয় এ ধরনের উন্নত মানের ক্ষেপণাস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক যুদ্ধনীতির চরম লঙ্ঘন বলে দাবি করছে ইরান।

  • ২ মার্চ, ২০২৬

    'সব লক্ষ্য পূরণ না হওয়া' পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।‘

    আজ সোমবার সকালে কিছুক্ষণ আগে প্রকাশিত এক ভিডিওতে এ কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি আরো বলেছেন, ‘দুঃখজনকভাবে আরো বেশি’ মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে তিনি এও উল্লেখ করেন যে, ‘এটাই একমাত্র পথ।‘

    তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত করবে। আমি আবারও রেভুলেউশনারি গার্ডস, ইরানি মিলিটারি পুলিশকে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার আহ্বান জানাচ্ছি।‘

    ট্রাম্প সতর্ক করেন, ‘নয়তো নিশ্চিতভাবে মৃত্যুর মুখোমুখি হতে হবে। এটা নিশ্চিত মৃত্যু হবে, এটা সুন্দর কিছু হবে না।‘

  • ২ মার্চ, ২০২৬

    হামলার আশঙ্কায় দক্ষিণ লেবানন থেকে বৈরুতে ‘গণ-প্রস্থান’

    ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্রতর হওয়ার পর দক্ষিণ লেবানন থেকে বৈরুত এবং উত্তর লেবাননের দিকে মানুষের এক বিশাল জনস্রোত শুরু হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবানন জুড়ে এখন 'বিশাল আকারে বাস্তুচ্যুতি' বা গণ-প্রস্থান দেখা দিচ্ছে। বিশেষ করে টায়ার অঞ্চল থেকে হাজার হাজার মানুষ তাদের সর্বস্ব ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রাজধানী বৈরুতের দিকে রওনা হয়েছে।

    এই ব্যাপক বাস্তুচ্যুতির প্রধান কারণ হলো ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া এলাকা ত্যাগের নির্দেশ। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্তত ১ কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে হাইওয়ে এবং প্রধান সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। স্থানীয় সিভিল ডিফেন্স কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পালিয়ে আসা মানুষদের দিকনির্দেশনা দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • ২ মার্চ, ২০২৬

    তেহরানের নিলুফার স্কয়ারে হামলা, নিহত অন্তত ২০

    ইরানের রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি। রোববার রাতে তেহরানসহ ইরানের পূর্ব ও পশ্চিমের বিভিন্ন অংশে প্রচণ্ড বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এই হামলাগুলো সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে শুরু হলেও, বর্তমানে বেসামরিক আবাসিক এলাকাগুলোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে তেহরানের পাস্তুর এলাকা, যেখানে দেশটির সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত, সেখান থেকেই হামলার সূত্রপাত হয়।

  • ২ মার্চ, ২০২৬

    সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা ও লন্ডনের সতর্কতা

    সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) আক্রোটিরি ঘাঁটিতে রোববার রাতে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের দিকে এই হামলার ঘটনা ঘটে এবং ব্রিটিশ সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া জানায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ব্রিটিশ কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ওই অঞ্চলে তাদের সুরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে এবং নিজেদের কর্মীদের রক্ষায় ঘাঁটি থেকে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। এ হামলার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ড্রোনটি ঘাঁটির কাছাকাছি পৌঁছালেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

    এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি জন হিলি মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ সৈন্য ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে দেখা হচ্ছে।

  • ২ মার্চ, ২০২৬

    হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বৈরুতে ইসরায়েলের বোমাবর্ষণ

    লেবানন সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সোমবার ভোরে উত্তর ইসরায়েলের হাইফা সংলগ্ন একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা চালানোর দাবি করার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড এবং লেবাননের ওপর ক্রমাগত ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতেই তারা এই আঘাত হেনেছে।

    এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। একইসঙ্গে দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকার প্রায় ৫০টি গ্রামের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

  • ২ মার্চ, ২০২৬

    পারস্য উপসাগরে ইরানের ওপর হামলা, জাপানের ইতোচুর তেল সরবরাহে ধাক্কা

    জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান ইতোচু জানিয়েছে যে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে পারস্য উপসাগর থেকে তাদের জ্বালানি ও অপরিশোধিত তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্দর ও শিপিং রুট সরাসরি আক্রান্ত হওয়ায় ইতোচু তাদের নিয়মিত শিপমেন্টের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সংকটের মুখে জাপানি প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা শুরু করেছে।

    ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতের ফলে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য যে, বিশ্বের মোট সমুদ্রজাত তেলের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা ইরানকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে। ইতোচুর মতো বড় প্রতিষ্ঠানগুলো এখন তাদের কর্মীদের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই রুটটি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিচ্ছে। জাপানি অন্যান্য শিপিং কোম্পানি যেমন নিপ্পন ইউসেন এবং মিতসুই ওএসকে লাইন্সও একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

    অস্থিতিশীল এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি এই সামরিক সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ কররার কথা নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই গোষ্ঠী জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করেছে তারা।

এদিকে, এর আগে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছিল, হিজবুল্লাহর প্রজেক্টাইল হামলার জবাবে লেবাননকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে তারা। আর হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে।

১৯৮০-এর দশকের গোড়ার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান প্রতিষ্ঠিত করেছিল হিজবুল্লাহকে।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলায় আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের অভিযান 'খুব ভালোভাবে দ্রততার সঙ্গে এগিয়ে চলেছে' বলেও জানান তিনি।

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন মি. ট্রাম্প। তবে ইরানের নেতারা জানিয়েছেন, খামেনি হত্যাকাণ্ড তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে এবং তারা আলোচনায় আগ্রহী নন।

আরও