গতকাল প্রধানমন্ত্রী বাদে পুরো মন্ত্রিসভার পদত্যাগের পর আজ নতুন চার মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরের দিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নতুন ওই মন্ত্রীদের শপথ পাঠ করান। খবর ডেইলি মিরর।
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আলি সাবরি। তিনি রাজাপাকসে পরিবারের আরেক সদস্য ও সদ্যসাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন। নতুন অর্থমন্ত্রী আলি সাবরি আগের মন্ত্রিসভায় বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জিএল পেইরিস।
এছাড়া দেশটির শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন দীনেশ গুনাবর্ধন। সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন জনস্টন ফার্নান্দো।
আজ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কার্যালয়ে নতুন চার মন্ত্রী শপথ নিয়েছেন। পুরো মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত চারজন দায়িত্ব পালন করে যাবেন বলে জানান সংসদ নেতা ও নতুন শিক্ষামন্ত্রী দীনেশ গুনাবর্ধন।
রোববার ২৬ মন্ত্রীর পদত্যাগের পর আজ বিরোধী দলগুলোর প্রতি মন্ত্রিত্ব গ্রহণ ও রাজনৈতিক সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
শনিবার শ্রীলংকা সরকার যে ৩৬ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছিল, তা আজ সকাল ৬টায় শেষ হয়েছে। তবে জরুরি অবস্থা এখনো বহাল রয়েছে। এদিকে শ্রীলংকাভিত্তিক সাইট নিউজ ফার্স্টের প্রতিবেদনে বলা হয়, আজ রাজধানী কলম্বোসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ হয়েছে। দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার মানুষ ও বেসামরিক সংস্থার সদস্যরা। ন্যাশনাল ফিল্ম করপোরেশনের সামনে বিক্ষোভ করেছেন সিনেমা শিল্পের প্রতিনিধিত্বকারী একদল শিল্পী।
ডেইলি মিররের অপর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে গোতাবায়া রাজাপাকসের ছেলের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল বিক্ষোভকারী। তারা শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগ এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবি তুলেন।