পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনে ভোট গণনা চলছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ দেখা যাচ্ছে, রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে রয়েছে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর এনডিটিভি।
প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজেপি অর্ধেকের বেশি আসন অতিক্রম করেছে এবং ১৬০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ১১০টিরও বেশি আসনে এগিয়ে আছে।
এ নির্বাচন দুটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, দীর্ঘদিন ধরে ভোটের লড়াইয়ে পশ্চিমবঙ্গ দখলে নেয়ার চেষ্টা করে আসছে বিজেপি। দ্বিতীয়ত, ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ পদক্ষেপে ৮৯ লাখ ভোটার বাদ পড়েছে—যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১১ দশমিক ৬ শতাংশ। এ সংখ্যা ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের জয়ী ব্যবধানের তুলনায় সামান্য বেশি।
পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচনের ভোট হয়। আজ স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে।