হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

৯ আপডেট
  • ২৩ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

    হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর গুলি চালাতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালির জলসীমায় কোনো নৌযান- সেটি যতই ছোট হোক না কেন- যদি মাইন বসাতে দেখা যায়, তবে তাদের গুলি করে ধ্বংস করে দিতে হবে। এ নির্দেশ বাস্তবায়নে কোনো দ্বিধা করা যাবে না।

    সূত্র- বিবিসি

  • ২৩ এপ্রিল, ২০২৬

    ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

    ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রাতে ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামে জাহাজটিতে অভিযান চালায় মার্কিন সেনারা।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন প্রতিরক্ষা দফতর দাবি করেছে, জাহাজটি তাদের ইন্দো-প্যাসিফিক কমান্ড এলাকায় ছিল। মূলত নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজটি ইরানের তেল পাচারের সঙ্গে জড়িত ছিল।

    আরো জানানো হয়, ইরানকে সহায়তা ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহকারী জাহাজগুলোর পথ রুদ্ধ করতে এবং অবৈধ নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে আমাদের বিশ্বব্যাপী অভিযান অব্যাহত থাকবে। তারা যেখানেই থাকুক না কেন, তাদের ছাড় দেয়া হবে না। আন্তর্জাতিক জলসীমাকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধীরা পার পাবে না। জলপথে এসব অবৈধ পক্ষ ও তাদের জাহাজের অবাধ চলাচল রুখতে আমরা বদ্ধপরিকর।

    সূত্র- আল জাজিরা

  • ২৩ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের কাছ থেকে প্রথম টোল সংগ্রহের খবর জানাল ইরান

    ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথম সংগৃহীত অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে।

    তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত খবর অনুযায়ী, এ রাজস্ব কীভাবে সংগ্রহ করা হয়েছে বা কারা এ টোল পরিশোধ করেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

    চলমান যুদ্ধবিরতির আগে তেহরান জানিয়েছিল, তারা কেবল তাদের ভাষায় 'বন্ধুত্বপূর্ণ' দেশগুলো বাদে অন্যদের জন্য হরমুজ প্রণালিতে যাতায়াত সীমিত করেছে এবং হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছিল। তবে সেসময় ইরান যাতায়াতের জন্য ঠিক কী পরিমান অর্থ ফি হিসেবে নিচ্ছে, বা আদৌ কোনো ফি নিচ্ছে কীনা- এ নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

    যেমন, মার্চের শেষের দিকে হরমুজ প্রণালি পার হওয়ার জন্য তেহরান জাহাজপ্রতি ২০ লাখ ডলার বা দেড় মিলিয়ন পাউন্ড ফি নিচ্ছে এমন খবর প্রকাশিত হলে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস সে দাবি অস্বীকার করেছিল।

    আজ ইরানের আরেকজন ঊর্ধ্বতন সংসদ সদস্য আলিরেজা সালিমি তাসনিম নিউজকে বলেছেন, আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি সংগ্রহ করেছে।

    তিনি আরো বলেন, প্রতিটি জাহাজ থেকে সংগৃহীত অর্থের পরিমাণ এবং ফি নির্ভর করে জাহাজের ধরন, বহন করা পণ্যের পরিমাণ এবং ওই জাহাজ ইরানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তার ওপর। এ ফি কীভাবে এবং কী পরিমাণে সংগ্রহ করা হবে তা ইরান নির্ধারণ করে। এসব নিয়ম আমরাই ঠিক করি।

    সূত্র- বিবিসি

  • ২৩ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালিতে জাহাজে ইরানের হামলার খবরে বেড়েছে তেলের দাম

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হাতে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আক্রান্ত হওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

    বর্তমানে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০৩ ডলারের (৭৬ দশমিক ৩৫ পাউন্ড) কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে তেলের বাজারদর ৯৪ ডলার ছাড়িয়ে গেছে।

    বাজার বিশ্লেষকেরা বলছেন, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির স্বার্থে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের দাম বাড়তে শুরু করেছিল। সর্বশেষ তিনটি জাহাজে হামলা চালিয়ে দুটি জব্দের ঘটনা সেই পালে নতুন হাওয়া দিয়েছে।

    সূত্র: বিবিসি

  • ২৩ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালির টোল জমা হয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে

    ইরান প্রথমবারের মতো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে আদায় করা টোলের অর্থ পেয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সেই অর্থ জমা হয়েছে বলে জানিয়েছেন ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি।

    দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে সংগৃহীত টোলের প্রথম রাজস্ব এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়া হয়েছে।

    হরমুজ প্রণালি বর্তমানে ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় দেশটির জাহাজ চলাচলের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ পরিস্থিতিতে জাহাজ থেকে টোল আদায়কে ইরানের নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে।

    সূত্র: আল জাজিরা

  • ২৩ এপ্রিল, ২০২৬

    ২০ কোটি ডলারের আকাশ থেকে নিক্ষেপযোগ্য গোলাবারুদ কিনছে ইসরায়েল

    স্থানীয় কোম্পানি এলবিট সিস্টেমস থেকে ২০ কোটি ডলারের আকাশ থেকে নিক্ষেপযোগ্য উন্নত গোলাবারুদ কিনছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে এ ক্রয়াদেশ বলে জানা গেছে।

    এক বিবৃতিতে নিজেদের ‘আকাশ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবস্থায় প্রযুক্তিগত নেতৃত্ব’ তুলে ধরেছে এলবিট সিস্টেমস। সঙ্গে জানায়, তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বে গর্বিত।

    কোম্পানিটি আরো বলছে, তাদের তৈরি গোলাবারুদ ইসরায়েলি বিমানবাহিনীর আকাশে আধিপত্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রতিরক্ষা ক্রয় দপ্তরের নেতৃত্বে নেয়া এ চুক্তির লক্ষ্য হলো অস্ত্র সরবরাহে ‘স্বনির্ভরতা’ বৃদ্ধি এবং ‘তাৎক্ষণিক যুদ্ধ পরিস্থিতি’ ও ‘তীব্র নিরাপত্তা চ্যালেঞ্জপূর্ণ আগামী দশক’-এর জন্য প্রস্তুতি জোরদার করা।

    প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এ চুক্তি ইসরায়েলের গোলাবারুদ সরবরাহ ব্যবস্থার স্বনির্ভরতা আরো শক্তিশালী করার প্রচেষ্টার অংশ।

    এদিকে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জোরালো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭২ হাজার ৬৫২ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরো ১ লাখ ৭২ হাজার ৩২০ জন।

    সূত্র: আল জাজিরা

  • ২৩ এপ্রিল, ২০২৬

    হরমুজে মাইন পরিষ্কার করতে লাগবে ছয় মাস: পেন্টাগন

    মার্কিন আইনপ্রণেতাদের পেন্টাগন জানিয়েছে, হরমুজ প্রণালিতে বসানো মাইন পরিষ্কার করতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে। নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্র এ তথ্য দিয়েছেন।

    যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে অনুষ্ঠিত একটি গোপন ব্রিফিংয়ে গত মঙ্গলবার প্রতিরক্ষা দফতরের কর্মকর্তারা এ তথ্য দেন।

    ওই বৈঠকে যুদ্ধের ব্যয়, কৌশল ও লক্ষ্য নিয়ে আইনপ্রণেতারা প্রশ্ন তোলেন। তবে অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর মেলেনি বলে জানান ওই ব্যক্তি। একই সঙ্গে যুদ্ধের শুরুর দিকের সময়ে একটি বিদ্যালয়ে চালানো হামলা নিয়েও আইনপ্রণেতারা প্রশ্ন তোলেন, যার উত্তর এখনো পাওয়া যায়নি।

    সূত্র: এপি

  • ২৩ এপ্রিল, ২০২৬

    ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেয়ার প্রস্তাব মার্কিন দূতের

    আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করতে ফিফার কাছে প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাউলো জাম্পোলি।

    তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রস্তাব দিয়েছি যেন বিশ্বকাপে ইরানের বদলে ইতালি অংশ নেয়। আমি নিজে ইতালীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্র আয়োজিত টুর্নামেন্টে আজ্জুরিদের দেখা আমার স্বপ্ন। চারটি শিরোপা জেতায় তাদের অন্তর্ভুক্তির যথেষ্ট যোগ্যতা আছে।’

    তবে ইরান নিশ্চিত করেছে যে চলতি বছরের ফিফা বিশ্বকাপে তাদের জাতীয় দলের অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবারের আসর আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে নিশ্চিত করেন, বিশ্বকাপে ইরানের অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। ফুটবল বিশ্বকাপ ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে।

    গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানকে টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে তাদের উপস্থিতি ‘জীবন ও নিরাপত্তা’ বিবেচনায় উপযুক্ত কি-না, বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসরের বিপক্ষে সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    এর আগে নিজেদের ম্যাচ মেক্সিকোয় সরানোর অনুরোধ করেছিল ইরান। তবে তা প্রত্যাখ্যান করেছে ফিফা

    সূত্র: এফটি

  • ২৩ এপ্রিল, ২০২৬

    মার্কিন অবরোধের পর কোটি ব্যারেল ইরানি জ্বালানি তেল নিয়ে উপসাগর ছাড়ে ট্যাংকার

    বৈশ্বিক জ্বালানি ও ফ্রেইট বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভরটেক্সা জানিয়েছে, ইরানের বন্দরগুলোয় মার্কিন নৌ অবরোধ আরোপের পরের সপ্তাহে উপসাগরে ইরান-সম্পর্কিত ও নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকারের মোট ৩৪টি চলাচল রেকর্ড করা হয়েছে। এসব ট্যাংকারে এক কোটি ব্যারেলের বেশি জ্বালানি তেল ছিল।

    সংস্থাটি জানায়, ১৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ে ১৯টি ট্যাংকার উপসাগর ছেড়েছে এবং ১৫টি প্রবেশ করেছে।

    এর মধ্যে বহির্মুখী ছয়টি ট্যাংকারে ইরানি অপরিশোধিত জ্বালানি তেল বহন করা হচ্ছিল বলে নিশ্চিত হওয়া গেছে, যার পরিমাণ প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল।

    তবে এসব জ্বালানি তেল শেষ পর্যন্ত বিদেশী বাজারে পৌঁছেছে কি-না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

    সূত্র: আল জাজিরা

এশিয়ার জলসীমায় তিনটি ইরানি ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র

এশিয়ার বিভিন্ন জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী জ্বালানি তেলবাহী ট্যাংকার আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। জাহাজগুলোকে ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে সরিয়ে নিচ্ছে বলে গতকাল জানিয়েছেন শিপিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো।

সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর চলমান রয়েছে মার্কিন অবরোধ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরে প্রবেশমুখে অবস্থিত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঠেকাতে গুলি চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় দুই মাস আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এক ‘অস্বস্তিকর যুদ্ধবিরতি’ কার্যকর থাকলেও শান্তি আলোচনায় ফেরার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। সাম্প্রতিক দিনগুলোয় মার্কিন বাহিনী একটি ইরানি কার্গো জাহাজ ও একটি তেল ট্যাংকার জব্দ করেছে। একই সময়ে, ইরান জানিয়েছে তারা বুধবার হরমুজ দিয়ে উপসাগর ছাড়ার চেষ্টা করা দুটি কনটেইনার জাহাজ আটক করেছে এবং আরো একটি জাহাজে গুলি চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি তাদের প্রথম জব্দের ঘটনা।

মার্কিন ও ভারতীয় শিপিং সূত্র এবং পশ্চিমা সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোয় আরো অন্তত তিনটি ইরানি তেলবাহী জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন বাহিনীর হাতে সম্প্রতি জব্দ হওয়া ইরানি কনটেইনারবাহী জাহাজ। ছবি: রয়টার্স

আটক জাহাজগুলোর একটি ইরানি পতাকাবাহী সুপারট্যাংকার ‘ডিপ সি’, যা আংশিকভাবে অপরিশোধিত জ্বালানি তেল বোঝাই ছিল। মেরিনট্রাফিক প্লাটফর্মের তথ্যানুযায়ী, এক সপ্তাহ আগে মালয়েশিয়ার উপকূলের কাছে ছিল জাহাজটি।

এছাড়া আটক হয়েছে ‘সেভিন’ নামের অপেক্ষাকৃত ছোট ট্যাংকার, যার সর্বোচ্চ ধারণক্ষমতা ১০ লাখ ব্যারেল। জাহাজটি প্রায় ৬৫ শতাংশ মালামাল বোঝাই ছিল। জাহাজটি এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে সর্বশেষ দেখা যায়।

আটক হওয়া আরেক সুপারট্যাংকার ‘দোরেনা’ ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল সম্পূর্ণ বোঝাই ছিল। তিন দিন আগে দক্ষিণ ভারতের উপকূলের কাছে সর্বশেষ শনাক্ত হয় জাহাজটি।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দোরেনা অবরোধ ভঙ্গের চেষ্টা করেছিল। এর পর ভারত মহাসাগরে একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজের তত্ত্বাবধানে রয়েছে।

এছাড়া ‘দারইয়া’ নামের আরেকটি ইরানি ট্যাংকার আটক হয়ে থাকতে পারে বলে শিপিং সূত্রগুলো জানিয়েছে। ভারতীয় বাজারে ইরানি অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ছাড়ের মেয়াদ রোববার শেষ হয়ে যাওয়ার আগে জাহাজটি তার মালামাল খালাস করতে পারেনি। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি সর্বশেষ শুক্রবার ভারতের পশ্চিম উপকূলের কাছে দেখা যায়।

সেন্টকম আরো জানিয়েছে, ইরানি বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজগুলোর ওপর অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৯টি জাহাজকে পথ পরিবর্তন বা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন বাহিনী।

তবে যুক্তরাষ্ট্র এখনো আটক করা সব জাহাজের তালিকা প্রকাশ করেনি।

একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভাসমান মাইনের ঝুঁকি এড়াতে হরমুজের কাছাকাছি নয়, বরং উন্মুক্ত সমুদ্রে ইরানি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে মার্কিন সামরিক বাহিনী।

সূত্র: রয়টার্স

আরও