মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা নস্যাৎ করার দাবি সৌদি জোটের, দায় অস্বীকার হুথিদের

সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে গতকাল জানিয়েছে, মদিনা প্রদেশের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে বিবৃতিতে হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তারা। তবে এ ধরনের কোনো হামলার দায় নিতে অস্বীকার করেছে হুথিরা। খবর এপি।

সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে গতকাল জানিয়েছে, মদিনা প্রদেশের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে বিবৃতিতে হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি।

সাম্প্রতিক সপ্তাহে রিয়াদসহ সৌদি আরবের একাধিক শহর হামলার শিকার হয়েছে। মদিনার একটি বিদ্যুৎকেন্দ্রেও কয়েকদিন আগে ড্রোন হামলা হয়েছিল।

অবশ্য হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মদিনায় হামলার দায় অস্বীকার করেছেন। এর আগে বিদ্রোহী গোষ্ঠীটি সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার বিমানবন্দরে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

সৌদি আরব ও হুথিদের মধ্যে সর্বশেষ সংঘাত শুরু হয় গত মাসে। ওই সময় হুথিরা বাব এল-মানদেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করে নেয়। জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা করছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীগুলোকে সমর্থন দিচ্ছে জোটটি।

এদিকে গতকাল ইয়েমেনের বন্দরনগরী এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ব্যবহৃত একটি প্রাসাদের কাছে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, হামলায় আরো ছয়জন আহত হয়েছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য দেন। উত্তর ইয়েমেনে অবস্থানরত ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দ্রুত এ হামলার দায় স্বীকার করেছে।

ইয়েমেন সরকারের অনেক শীর্ষ নেতা নির্বাসনে বসবাস করেন। এডেনে অবস্থানরত সরকারি কর্মকর্তারা নিরাপদে আছেন বলে জানিয়েছেন সরকারের এক কর্মকর্তা।

আরও