ইরানের দুই শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার পাকিস্তানের বিশেষ অনুরোধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। মূলত সম্ভাব্য শান্তি আলোচনার পথ খোলা রাখতেই এ কৌশলগত পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্স।
পাকিস্তানি ওই সূত্র জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তাদের অবস্থানও শনাক্ত করা হয়েছিল।
তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে জানায়, এ দুই নেতাকে সরিয়ে দিলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। এরপরই ওয়াশিংটন ইসরায়েলকে পিছু হটার অনুরোধ জানায়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছে, শান্তি আলোচনার স্বার্থে চার থেকে পাঁচ দিনের জন্য এ দুই কর্মকর্তাকে লক্ষ্য তালিকা থেকে সরানো হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।