আফগানিস্তানে ফের মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ৩৭

তাৎক্ষণিকভাবে এ হামলা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা ব্যক্তি। গত শুক্রবারেও উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে।

শুক্রবারের জুমা নামাজের সময় আবারো বোমা হামলার ঘটনা ঘটেছে আফগানিস্তানে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি শিয়া মসজিদে চালানো হামলায় অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন। প্রদেশটির স্থাস্থ্যবিভাগের বরাত দিয়ে আল জাজিরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, শিয়া ধর্মাবলম্বীদের জন্য শহরটির সবচেয়ে বড় উপাসনালয় বিবি ফাতেমার মসজিদে শুক্রবার জুমা পড়তে বিপুল সংখ্যক মুসুল্লি জমায়েত হন। এসময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এএফপি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা মোট তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি প্রধান ফটকে, একটি ওজুখানায় এবং অপরটি মসজিদের দক্ষিণ দিকে। 

হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, হতাহতদের বিপুল উপস্থিতিতে হাসপাতাল আঙিনা ভরে উঠেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারী সাইদ খোস্তি এক টুইটার বার্তায় বলেন, অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে কান্দাহার প্রদেশের প্রথম জেলায় ভ্রাতৃপ্রতিম শিয়া মসজিদে বোমা হামলায় অনেকে শহীদ হয়েছেন। অনেকে আহত হয়েছেন। ঘটনার পর পরই বিষয়টি খতিয়ে দেখতে তালেবানদের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এর পেছনে কারা জড়িত তা গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র।

তাৎক্ষণিকভাবে এ হামলা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা ব্যক্তি। গত শুক্রবারেও উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়। পরে হামলার দায় স্বীকার করে আইএস-কে। 

আরও