গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ মেনে নেয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খবর রয়টার্স।
জাতিসংঘ দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে। গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে গাজা হবে তার অবিচ্ছেদ্য অংশ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাবের প্রতিক্রিয়ায় এসেছে গুতেরেসের এই বক্তব্য। যদিও গুতেরেস সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেননি।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মানসুর বলেন, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। আমরা কখনোই আমাদের ভূমি ছাড়ব না। আমরা আমাদের দেশ পুনর্গঠন করতে চাই। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য কামনা করছি।
তিনি আরো জানান, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ শিগগিরই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে আরব দেশগুলোর যৌথ অবস্থান তুলে ধরবেন।
এর আগে, ইসরায়েল ২০০৫ সালে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করলেও জাতিসংঘ মনে করে, অঞ্চলটি এখনো ইসরায়েলের দখলেই রয়েছে। ২০০৭ সাল থেকে হামাস গাজা শাসন করলেও এর প্রবেশাধিকার ইসরায়েল ও মিশরের নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়।
সম্প্রতি ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হয়েছে। তবে উত্তেজনা এখনো পুরোপুরি শেষ হয়নি।