মার্কিন প্রতিনিধিদলের সফর বাতিল

৭ আপডেট
  • ২৫ এপ্রিল, ২০২৬

    মার্কিন প্রতিনিধিদলের সফর বাতিল

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির শর্ত হিসেবে একগুচ্ছ দাবি তুলে ধরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেছে ইরানের প্রতিনিধি দল। ফলে দুই পক্ষের মধ্যে আবার শান্তি আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তার আর হচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক শেষে ইসলামাবাদ ছাড়েন। আরাগচি ইসলামাবাদ ছাড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছে হোয়াইট হাউস।

  • ২৫ এপ্রিল, ২০২৬

    পাকিস্তান ত্যাগ করল ইরানের প্রতিনিধি দল

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেছে। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর পাকিস্তান ত্যাগ করেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আব্বাস আরাঘচির সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান।

    এক্সে শেহবাজ শরিফ লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হয়েছে। আমরা পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

  • ২৫ এপ্রিল, ২০২৬

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে আরাগচির বৈঠক

    ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনার মধ্যেই আজ শনিবার এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

    পাকিস্তান রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতেও বলা হয়, দুই পক্ষের আলোচনার মূল বিষয় ছিল ‘আঞ্চলিক পরিস্থিতি’।

    ইসলামাবাদের প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম উপস্থিত ছিলেন।

    আলোচনায় সংশ্লিষ্ট এক পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আরাগচি পাকিস্তানি কর্মকর্তাদের কাছে তেহরানের পক্ষ থেকে আলোচনার শর্ত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তাদের আপত্তিগুলো তুলে ধরেছেন।

    এর আগে একই দিনে আরাগচি পৃথকভাবে সিডিএফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকেও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানায় পাকিস্তান টেলিভিশন।

    পাকিস্তানের পক্ষে ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানের প্রতিনিধিদলে ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, রাষ্ট্রদূত মোগাদ্দাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাকায়ি।

  • ২৫ এপ্রিল, ২০২৬

    ইরানের ইয়াজদ প্রদেশে অবিস্ফোরিত ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিষ্ক্রিয়

    ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলার সময় নিক্ষেপ করা একটি অবিস্ফোরিত জিবিইউ 'বাঙ্কার বাস্টার' বোমা সফলভাবে নিষ্ক্রিয় ও অপসারণ করা হয়েছে। বোমাটি ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকার মাটির ১৩ মিটার (৪২ ফুট) গভীরে ছিল।

    ইয়াজদ প্রদেশের নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নর জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন বোমাটি একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছিল। কিন্তু সেটি বিস্ফোরিত না হয়ে মাটির অনেক গভীরে আটকে যায়।

    তিনি নিশ্চিত করেছেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানটি আইআরজিসি এবং ইয়াজদ প্রদেশের আইন প্রয়োগকারী সংস্থার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে।

    সূত্র- আল জাজিরা

  • ২৫ এপ্রিল, ২০২৬

    মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে এখনো আটকে আছে ৪০টিরও বেশি কন্টেইনার জাহাজ

    লয়েডস লিস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের ১০টি বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানির অন্তত ৪৩টি জাহাজ এখনো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে (পারস্য উপসাগর) আটকা পড়ে আছে।

    শিপিং শিল্প বিষয়ক এ সাময়িকী তথ্য বলছে, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রধান শিপিং কোম্পানিগুলো এ অঞ্চলে তাদের পরিষেবা স্থগিত রেখেছে। এর ফলে বিশ্ব বাণিজ্যে উল্লেখযোগ্য বিলম্ব ঘটছে এবং খরচ বৃদ্ধি পাচ্ছে।

    লয়েডস লিস্ট আরো জানিয়েছে, সিএমএ সিজিএম (CMA CGM), কসকো (Cosco), হ্যাপাগ-লয়েড (Hapag-Lloyd) এবং এমএসসি (MSC)-এর মালিকানাধীন কিছু জাহাজ নিরাপদে সরে যেতে সক্ষম হলেও এমএসসি-র দুটি জাহাজ ইরানি কর্তৃপক্ষ জব্দ করেছে।

    সূত্র- আল জাজিরা

  • ২৫ এপ্রিল, ২০২৬

    ইরান-সংশ্লিষ্ট সাড়ে ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র

    ইরান-সংশ্লিষ্ট সাড়ে ৩৪ কোটি (৩৪৪ মিলিয়ন) ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে তেহরানের ওপর চাপ বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

    গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেহরানের তহবিল গঠন, স্থানান্তর এবং দেশে টাকা ফিরিয়ে নেওয়ার সক্ষমতা ধ্বংস করতে মার্কিন অর্থ বিভাগ কাজ চালিয়ে যাবে। ইরান সংশ্লিষ্ট বেশ কিছু ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এসব তহবিল জব্দ করা হয়েছে।

    একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ছদ্মবেশী প্রতিষ্ঠান ব্যবহারের পাশাপাশি ডিজিটাল মুদ্রার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ইরান। ওয়াশিংটন উভয় পথই বন্ধ করতে চাইছে। বর্তমানে বিভিন্ন ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জসহ (ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার মাধ্যম) আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে অর্থ বিভাগ।

    সূত্র- গালফ নিউজ

  • ২৫ এপ্রিল, ২০২৬

    ইরানি পতাকাবাহী জাহাজ আটক করেছে মার্কিন ডেস্ট্রয়ার: সেন্টকম

    মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ২৪ এপ্রিল ইরানের একটি বন্দরে যাওয়ার চেষ্টাকালে দেশটির একটি পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫)।

    সূত্র- আল জাজিরা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেয়া হবে।

তিনি আরো বলেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে পাকিস্তানের একাধিক সরকারি সূত্র জানিয়েছে, এ সফর ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল গতকাল রাতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল আজ ইসলামাবাদে পৌঁছবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ মুহূর্তে সফরে যাচ্ছেন না, তবে আলোচনায় অগ্রগতি হলে তিনি পরে যোগ দিতে পারেন।

গতকাল রাতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, আমি নিশ্চিত করে বলছি, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার আবারো পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।

তিনি আরো বলেন, প্রেসিডেন্টের (ট্রাম্প) আহ্বানে সাড়া দিয়ে ইরানিরা এ সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে। আমরা আশাবাদী, এটি একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং চুক্তির পথে এগোবে। লেভিট জানান, ভ্যান্স এখনো পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তবে আপাতত তিনি যাচ্ছেন না।

আরও