হ্যারিকেন ইডালিয়ায় বিধ্বস্ত ফ্লোরিডা পরিদর্শনের সময় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। খবর বিবিসি।
সফরকালে বাইডেন ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের অনস্বীকার্য প্রভাবের ওপর জোর দিয়ে বলেন, ‘যেকোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এখন আর জলবায়ুর প্রভাব সম্পর্কে সন্দেহ করতে পারে না।’
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী গভর্নর রন ডিসান্টিস প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তা সত্ত্বেও বাইডেন ডিসান্টিসের প্রশংসা এবং তাদের সমন্বয়ে সন্তোষ প্রকাশ করেন। বাইডেন ফ্লোরিডার আরেক রিপাবলিকান সিনেটর রিক স্কটের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সহযোগিতামূলক প্রচেষ্টার কথা তুলে ধরেন।
গত সপ্তাহে ফ্লোরিডার মারসাইয়ের বিগ বেন্ড অঞ্চলে ঘূর্ণিঝড় ইডালিয়া আছড়ে পড়ে। ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ভয়াবহ ঝড়টি। এর জেরে ওই এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দিয়েছে।
মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী হারিকেন ইডালিয়া ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। ঝড়ের আঘাতে বহু গাছ ভেঙে পড়েছে, হোটেলের ছাদ ধসে পড়ে এবং ছোটগাড়িগুলোকে নৌকার মতো ভাসিয়ে নিয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়টি আঘাত হানার পর অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।