চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪ জন নিহত হয়েছে। নিখোঁজ আরো ৮ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী বেইজিংসহ অন্তত ১১টি প্রদেশ ও অঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের ফলে চেংদে শহরের কাছে একটি গ্রামে ভূমিধসটি ঘটে। বেইজিংয়ের উপকণ্ঠে মিইউন অঞ্চলে লাগাতার বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে প্রায় সাড়ে চার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
চীনা মেসেজিং অ্যাপ উইচ্যাটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিইউনের রাস্তাগুলো পানিতে ডুবে আছে; গাড়ি ও ট্রাক ভেসে যাচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ হাজারের বেশি মানুষ।
কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিনব্যাপী ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এরইমধ্যে জলসম্পদ মন্ত্রণালয় ১১টি প্রদেশ ও অঞ্চলে টার্গেটেড বন্যা সতর্কতা জারি করেছে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিং সোমবার সর্বোচ্চ পর্যায়ের বন্যা সতর্কতা জারি করেছে। হেবেইতে গুরুতর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ একটি দল পাঠিয়েছে।