অভিবাসন নীতিতে কঠোরতা নিয়ে অনুশোচনা ট্রাম্পের, ক্ষমা করতে চান না শত্রুদের

নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের কারণ হিসেবে ট্রাম্প ইরান যুদ্ধ এবং প্রচারের দুর্বল বার্তাকে দায়ী করেছেন। তবে অনিবন্ধিত অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারে তার প্রশাসনের কঠোর অভিযানও জনপ্রিয়তা হারানোর অন্যতম কারণ বলে স্বীকার করেন

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের কারণ এবং নিজের প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সন্ধ্যায় সিবিএস চ্যানেলে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন, অভিবাসনবিরোধী অভিযানে তার প্রশাসন অতিরিক্ত কঠোর অবস্থান নিয়েছিল। তবে নির্বাচনে দলের বিপর্যয়ের দায় নিজের ওপর নিতে রাজি হননি তিনি। একইসঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করারও কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন।

অভিবাসন নীতিতে অতিরিক্ত কঠোরতা

নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের কারণ হিসেবে ট্রাম্প ইরান যুদ্ধ এবং প্রচারের দুর্বল বার্তাকে দায়ী করেছেন। তবে অনিবন্ধিত অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারে তার প্রশাসনের কঠোর অভিযানও জনপ্রিয়তা হারানোর অন্যতম কারণ বলে স্বীকার করেন।

ট্রাম্প বলেন, ‘এটা অতিরিক্ত কঠোর ছিল। আমার মনে হয়, কিছুটা বেশিই কঠোর হয়ে গেছে।’ বিশেষ করে যুক্তরাষ্ট্রে ১০ বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছেন এবং গুরুতর অপরাধে জড়িত নন—এমন অভিবাসীদের ক্ষেত্রে নীতিটি অতিরিক্ত কঠোর হয়েছে বলে মনে করেন তিনি।

তবে অভিবাসন নীতিতে পরিবর্তন আনার পরিকল্পনা আছে কিনা, তা স্পষ্ট করেননি ট্রাম্প। উল্টো এ নীতির অন্যতম রূপকার স্টিভেন মিলারকে নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে নারাজ

সাক্ষাৎকারে রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করার প্রশ্নে ট্রাম্প বলেন, কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন এবং ভবিষ্যতেও করবেন। এমনকি ঈশ্বরের কাছে চূড়ান্ত বিচারের মুখোমুখি হওয়ার আগেও তাদের ক্ষমা করতে পারবেন কিনা, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

এর আগে নিহত রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকারীকে তার স্ত্রী এরিকা প্রকাশ্যে ক্ষমা করেছিলেন। ওই ঘটনার পর ট্রাম্প বলেছিলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের ঘৃণা করেন এবং তাদের ভালো চান না।

ইরান যুদ্ধ নিয়ে জেডি ভ্যান্সকে বার্তা

নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তার মতে, ভ্যান্সের বলা উচিত ছিল, একই পরিস্থিতিতে আবারো তিনি যুদ্ধের পক্ষে থাকবেন। ট্রাম্প বলেন, তার নিজের উত্তর দ্ব্যর্থহীনভাবে ‘হ্যাঁ’।

উত্তরসূরি হিসেবে ভ্যান্সই পছন্দ?

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্যান্সকে সমর্থন দেয়ার বিষয়ে নিশ্চিত কিছু বলেননি ট্রাম্প। বরং সমর্থন না দেয়ার কথাও ভাবতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন তিনি। এছাড়া কয়েকজন সিনেটরও ভালো প্রার্থী হতে পারেন বলে জানান।

তবে রিপাবলিকান পার্টিতে নিজের সমর্থনের গুরুত্ব নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প বলেন, তার সমর্থন এখনো নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে।

পারিবারিক ব্যবসা নিয়ে দুর্নীতির অভিযোগ

সাক্ষাৎকারের সবচেয়ে উত্তপ্ত অংশ ছিল ট্রাম্প পরিবারের ব্যবসায়িক স্বার্থ নিয়ে আলোচনা। ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন ব্যবসার মাধ্যমে ট্রাম্প ও তার ছেলেদের বিপুল অর্থ উপার্জন নিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতির অভিযোগ রয়েছে।

ট্রাম্প বলেন, তার এক ছেলে অর্থসম্পদ দেখাশোনা করেন এবং বিনিয়োগের বড় অংশ ওয়াল স্ট্রিটের বড় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত হয়। তবে নিজের পারিবারিক ব্যবসায় কোনো ভূমিকা নেই বলে দাবি করেন তিনি।

ট্রাম্প ও তার ছেলেরা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কিছু আগে বিভিন্ন ক্রিপ্টো ব্যবসা চালু করেন। এসব ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি। এছাড়া তার দ্বিতীয় অভিষেকের আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিনিয়োগ প্রতিষ্ঠান ট্রাম্প পরিবারের ক্রিপ্টো কোম্পানির প্রায় অর্ধেক মালিকানা কিনে নেয়।

এসব ব্যবসার মাধ্যমে বিদেশী রাষ্ট্রগুলো হোয়াইট হাউজে প্রভাব বিস্তারের চেষ্টা করছে—এমন উদ্বেগও উড়িয়ে দেন ট্রাম্প। পরিবারের ব্যবসা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে না নিলেও এসব উদ্যোগে কোনো ভূমিকা নেই বলে দাবি করেন তিনি।

সিএনএন অবলম্বনে

আরও