ইউক্রেনকে এখনই টমাহক নয়, যুদ্ধ বাড়াতে নারাজ ট্রাম্প

ভবিষ্যতে মত পরিবর্তনও করতে পারেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে এবং সেই দেশগুলো তা ইউক্রেনের কাছে হস্তান্তর করবে—এমন একটি পরিকল্পনার ব্যাপারে ট্রাম্প প্রথম থেকেই শীতল মনোভাব দেখিয়ে আসছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন যে, আপাতত তিনি এমন কোনো চুক্তির কথা বিবেচনা করছেন না, যার ফলে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘ-পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে পারে। খবর সিএনএন।

যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে এবং সেই দেশগুলো তা ইউক্রেনের কাছে হস্তান্তর করবে—এমন একটি পরিকল্পনার ব্যাপারে ট্রাম্প প্রথম থেকেই শীতল মনোভাব দেখিয়ে আসছেন। তিনি বলেন, এর ফলে তিনি যুদ্ধকে আরো বাড়িয়ে দিতে চান না।

ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা তাকে ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি বিবেচনা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প জানান, আপাতত এ নিয়ে ভাবছেন না তিনি। তবে ভবিষ্যতে মত পরিবর্তনও করতে পারেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

গত ২২ অক্টোবর হোয়াইট হাউজে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ট্রাম্পের বৈঠকে টমাহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। রুট শুক্রবার বলেছিলেন যে, বিষয়টি পর্যালোচনাধীন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।

টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার ৫০০ কিলোমিটার (১,৫৫০ মাইল), যা রাশিয়ার অভ্যন্তরে, এমনকি মস্কোতেও আঘাত হানার জন্য যথেষ্ট দীর্ঘ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ক্ষেপণাস্ত্রের জন্য অনুরোধ করেছেন। তবে ক্রেমলিন কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইউক্রেনকে যেন তা কোনোভাবেই দেয়া না হয়।

আরও