যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় এক শতাব্দীর ঐতিহ্য ও নিয়ম ভেঙে দেশটির মুদ্রায় জায়গা করে নিয়েছেন কোনো জীবিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত বিশেষ ১ ডলারের মুদ্রা বাজারে এনেছে মার্কিন মুদ্রা প্রস্তুতকারী সরকারি সংস্থা ইউএস মিন্ট। খবর বিবিসি।
সংগ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে তৈরি করা বিশেষ মুদ্রায় ট্রাম্পের ছবির পাশাপাশি খোদাই করে লেখা আছে ‘LIBERTY’ (স্বাধীনতা) ও ‘IN GOD WE TRUST’ (আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি)।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক বার্ষিকী স্মরণে নতুন প্রজন্মের সংগ্রাহকদের কথা মাথায় রেখে মুদ্রাটি নকশা করা হয়েছে। এটি দেখতে পুরোপুরি সোনালি হলেও কোনো প্রকৃত স্বর্ণ এখানে ব্যবহার করা হয়নি। মূলত ৮৮ দশমিক ৫ শতাংশ তামা ও বাকি অংশ দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেলের মিশ্রণে তৈরি করা হয়েছে স্মারকটি।
১৯২৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের পর এ প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশের সাধারণ মুদ্রায় স্থান পেল।
অনলাইন ওয়েবসাইটের পাশাপাশি ওয়াশিংটন ডিসির মিন্ট স্টোরের ভেন্ডিং মেশিনেও মুদ্রাটি বিক্রির জন্য রাখা হয়। ২৫টি মুদ্রার একটি রোলের দাম ৬১ ডলার ও ১০০টি মুদ্রার ব্যাগের দাম ১৫৪ ডলার ৫০ সেন্ট। তবে বিক্রির জন্য উন্মুক্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইট থেকে সব মুদ্রা শেষ হয়ে যায় ও ‘স্টক নেই’ বিজ্ঞপ্তি দেয়া হয়।