মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত উত্তেজনা’ নিয়ে সতর্ক করলেন মাখোঁ

প্যারিসে প্রতিরক্ষা কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেন, ‘কোনো কঠোর সামরিক প্রতিক্রিয়া কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারে না।

মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত উত্তেজনা’ বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেন, কোনো কঠোর সামরিক প্রতিক্রিয়া কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারে না।

ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর প্যারিসে প্রতিরক্ষা কাউন্সিলের এক বৈঠকে তিনি এই কথা বলেন। খবর মিডল ইস্ট আইয়ের।

তিনি আরো বলেন, কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনা পুনরায় শুরু করাই আমাদের লক্ষ্য পূরণের একমাত্র উপায়। অর্থাৎ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে দূরে রাখার একমাত্র উপায় এটি। তবে ইরানে সরাসরি মার্কিন হস্তক্ষেপের নিন্দা করেননি এই ফরাসি নেতা।

সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে, উত্তেজনা কমাতে এবং ‘সর্বোচ্চ সংযম প্রদর্শন’ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। এছাড়াও ইরানকে ‘পারমাণবিক অস্ত্র তৈরি’ থেকে বিরত থাকার আহ্বানের পাশাপাশি ‘পুরো অঞ্চলের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতির ঝুঁকি’ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

জার্মান ও যুক্তরাজ্যের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ‘এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো পদক্ষেপ না নিতে’ ইরানের আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল রোববার সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের সঙ্গে কথা বলেছেন মাখোঁ। আগামীকাল মঙ্গলবার তার ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসে যাওয়ার কথা রয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

আরও