কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুনে অন্তত ৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন বলে পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএনআই-র বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিহতরা বাংলাদেশের নাগরিক। চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন।
গতকাল দিবাগত রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
আগুনে আহত ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। আগুনের সূত্রপাত ও মৃত্যুর কারণসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘ঘন ধোঁয়ার কারণে দমকলকর্মীদের সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরের তলাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। নয়জনের মৃত্যু হয়েছে, তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’
তিনি আরো বলেন, ‘আটকে পড়াদের উদ্ধার এবং আগুন লাগার কারণ খুঁজে বের করাই আমাদের অগ্রাধিকার। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন আগুন নেভানোর পরবর্তী শীতলীকরণ প্রক্রিয়া চলছে।’
আরেক গণমাধ্যম টিভি৯ এর সংবাদ অনুসারে, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে আগুন লেগেছে। মৃতদের মধ্যে ৬ পুরুষ, ২ নারী ও এক শিশু রয়েছে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ দমকল বিভাগের সদর দপ্তর হোটেলটির কাছেই অবস্থিত।
এর আগে গতকাল বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছেন।
ভোর ৫টার দিকে চারতলা হোটেল বিদেশিনীর নিচতলায় আগুন লাগে। হোটেলটি একটি পুকুরের কাছে এবং তারাপীঠ থানার অল্প দূরে অবস্থিত।
আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।