পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ৭০ জন। আজ রোববার সকালে কোয়েটা শহরের চামান ফাটক স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। বিস্ফোরণের ধাক্কায় তিনটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয় এবং আরো দুটি বগি উল্টে যায়। ট্রেনটিতে মূলত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি একে আত্মঘাতী হামলা বলে দাবি করলেও পাকিস্তান সরকার এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
ঘটনাস্থলের ছবিতে ট্রেনের পুড়ে যাওয়া ও দুমড়ে-মুচড়ে যাওয়া বগি, ক্ষতিগ্রস্ত গাড়ি এবং পাশের একটি ভবনে বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে তার ঘরের সব জানালার কাচ ভেঙে গেছে।
হামলার পর আহতদের চিকিৎসায় স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না।
এর আগেও বেলুচিস্তানে ট্রেনে একাধিক হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী এ সংগঠন। ২০২৫ সালের মার্চে জাফর এক্সপ্রেস ছিনতাই করে যাত্রীদের জিম্মিও করা হয়েছিল।