মধ্যপ্রাচ্যে সম্ভাব্য দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কায় শ্রীলংকায় আবারো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি, যা জ্বালানি সরবরাহ ও ব্যয়ের ওপর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে। খবর আল জাজিরা।
এএফপির তথ্যানুযায়ী, নিয়মিত ব্যবহারের পেট্রলের দাম লিটারপ্রতি ৩১৭ রুপি থেকে বাড়িয়ে ৩৯৮ রুপি নির্ধারণ করা হয়েছে। একই সময়ে গণপরিবহনে বেশি ব্যবহৃত ডিজেলের দাম ৭৯ রুপি বাড়িয়ে লিটারপ্রতি ৩৮২ রুপি করা হয়েছে।
সিলন পেট্রোলিয়াম করপোরেশনের এক কর্মকর্তা জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর মাধ্যমে দেশে তেলের ব্যবহার ১৫ থেকে ২০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তারা আশা করছে, উচ্চমূল্যের কারণে অপ্রয়োজনীয় তেলের ব্যবহার কমে আসবে।
তিনি আরো জানান, গত সপ্তাহে শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা ডিসানায়েকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য দেশকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
সরকারের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি তাদের জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।