একই সময়ে আয় কমেছে ও ঋণ বেড়েছে। ফলে ব্যাংকের ঋণ চুক্তির কিছু শর্তও ভঙ্গ করেছে প্রতিষ্ঠানটি। পরিস্থিতি সামাল দিতে ঋণদাতা ব্যাংকগুলোর সঙ্গে নতুন সমঝোতায় যেতে হয়েছে ডলচে অ্যান্ড গ্যাবানাকে। খবর রয়টার্স।
মঙ্গলবার রয়টার্সের হাতে আসা এক নথি অনুযায়ী, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ডলচে অ্যান্ড গ্যাবানার আয় হয়েছে ১ দশমিক ৮৬ বিলিয়ন ইউরো। আগের অর্থবছরের তুলনায় আয় কমেছে ২ শতাংশ। আয় কমার পাশাপাশি বড় ধাক্কা এসেছে পরিচালন মুনাফায়। বছর শেষে ডলচে অ্যান্ড গ্যাবানার পরিচালন লোকসান হয়েছে ১০ কোটি ইউরোর কিছু বেশি।
অন্যদিকে কোম্পানিটির ঋণের পরিমাণও বেড়েছে। ৩১ মার্চ পর্যন্ত ডলচে অ্যান্ড গ্যাবানার নিট আর্থিক ঋণ দাঁড়িয়েছে ৪৬৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো। আগের বছর একই সময়ে দেনার পরিমাণ ছিল ৩৭৯ দশমিক ৬ মিলিয়ন ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট ঋণ বেড়েছে ৮৪ দশমিক ৯ মিলিয়ন ইউরো।
লোকসান ও ঋণ বৃদ্ধির ফলে ব্যাংকের সঙ্গে করা ঋণ চুক্তির কিছু আর্থিক শর্ত পূরণ করতে পারেনি কোম্পানিটি। সাধারণত এ ধরনের শর্ত ভঙ্গ হলে ঋণদাতা ব্যাংকগুলো ঋণ পরিশোধে অতিরিক্ত ব্যবস্থা নিতে পারে। তবে ডলচে অ্যান্ড গ্যাবানার ক্ষেত্রে আপাতত সেই পথে যায়নি ব্যাংকগুলো।