এর দাম রাখা হয়েছে ৪ হাজার ৯৯৯ ডলার। সংযুক্ত আরব আমিরাতে পণ্যটির দাম ১৮ হাজার ৩৬০ দিরহাম। বাংলাদেশী মুদ্রায় মূল্য দাঁড়ায় ৬ লাখ টাকার বেশি।
স্ট্রলারটি তৈরি করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান সিলভার ক্রস। এটি ল্যাম্বরগিনি ও সিলভার ক্রসের যৌথ ‘সুপার স্ট্রলার’ প্রকল্পের সর্বশেষ পণ্য। এ প্রকল্পের আওতায় বিশ্বজুড়ে মাত্র ৫০০টি স্ট্রলার তৈরি করা হয়েছে। ফলে এটি সাধারণ শিশুপণ্য হিসেবে নয়, বরং সীমিত সংস্করণের বিলাসপণ্য হিসেবেই বাজারজাত করা হচ্ছে।
‘রিফ অ্যাল গিয়ালো’ নামের এ স্ট্রলারে ল্যাম্বরগিনির সুপারকারের নকশার ছাপ রয়েছে। এর কাঠামোয় ব্যবহার করা হয়েছে ম্যাট-ব্ল্যাক রঙের চেসিস। রয়েছে উচ্চমানের কাপড় ও হলুদ রঙ। হলুদ রঙটি ল্যাম্বরগিনির গাড়ির নকশায় বহুল ব্যবহৃত।
স্ট্রলারের নকশায় গাড়ির ভেতরের অংশ ও বাইরের কাঠামোর সঙ্গে মিল রাখার চেষ্টা করা হয়েছে। এতে গাড়ি তৈরিতে ব্যবহৃত মানের চামড়ার মতো দেখতে উপকরণ ব্যবহার করা হয়েছে বলে জানায় দুই প্রতিষ্ঠান।
তবে বাহ্যিক নকশার পাশাপাশি ব্যবহারিক সুবিধাও রাখা হয়েছে এতে। স্ট্রলারটি সিলভার ক্রসের ‘রিফ’ প্লাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। শহরের রাস্তায় চলার পাশাপাশি কিছুটা অসমান পথেও এটি ব্যবহার করা যাবে।
তবে এ স্ট্রলারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর দাম নয়, বরং সীমিত উৎপাদন। মাত্র ৫০০টি তৈরি হওয়ায় পণ্যটি সংগ্রহযোগ্য সামগ্রীর বৈশিষ্ট্যও পেয়েছে। ল্যাম্বরগিনি একে সাধারণ স্ট্রলার হিসেবে বাজারজাত করছে না। পণ্যটির ক্ষেত্রে নকশা, সীমিত সরবরাহ ও ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আবেগকে গুরুত্ব দেয়া হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ল্যাম্বরগিনির নতুন স্ট্রলারের জন্য মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ বাজার হতে পারে। সংযুক্ত আরব আমিরাতও পণ্যটি বিক্রির জন্য নির্বাচিত আন্তর্জাতিক বাজারগুলোর একটি। অঞ্চলটিতে সুপারকারের জনপ্রিয়তা রয়েছে। একই সঙ্গে সেখানে সীমিত সংস্করণের বিলাসপণ্য ও শিশুদের উচ্চমূল্যের পণ্যেরও চাহিদা রয়েছে।
এদিকে চলতি মাসে হাইব্রিড সুপারকার মডেল ‘রেভুয়েলতো এসভি’ উন্মোচন করেছে ল্যাম্বরগিনি। গাড়িটি ল্যাম্বোর সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম যান বলে উল্লেখ করেছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ঐতিহ্যবাহী ‘এসভি’ সিরিজের ৫৫ বছরের ইতিহাসে এটি নতুন সংযোজন। ১৯৬৯ সালে ‘মিউরা এসভি’ দিয়ে সিরিজটির যাত্রা শুরু। হালকা ওজন, চমৎকার অ্যারোডাইনামিক ডিজাইন ও বাড়তি গতির জন্য এসভি সিরিজটি বিশ্বজুড়ে পরিচিত।
খবর অ্যারাবিয়ান বিজনেস