বোমা হামলার হুমকি, ইসরায়েল ছেড়ে আসা ফ্লাইটের জরুরি অবতরণ

অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছাকাছি থাকা অবস্থায় কর্মীরা বোমা হামলার হুমকি পান। এর পর তারা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন

বোমা হামলার হুমকির খবর পাওয়ার পর তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি উড়োজাহাজ বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। গতকাল বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

মন্ত্রণালয় জানায়, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছাকাছি থাকা অবস্থায় কর্মীরা বোমা হামলার হুমকি পান। এর পর তারা বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেন।

বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান উড়োজাহাজটিকে পাহারা দিয়ে সোফিয়া বিমানবন্দরে নিয়ে যায়।

প্রাথমিক তথ্যানুযায়ী, উড়োজাহাজটিতে ছয়জন কর্মী ও ৫১ জন যাত্রী ছিলেন। তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে এনে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় একটি ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

উড়োজাহাজ চলাচল ও ফ্লাইট পর্যবেক্ষণবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ৮২ নম্বর ফ্লাইটটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর ছেড়ে যায়। স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।

গত মাসে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ ১৭৪ জন যাত্রী নিয়ে সৌদি আরবে জরুরি অবতরণ করে। ওই সময় সহকারী পাইলটের বিরুদ্ধে কুড়াল দিয়ে পাইলটের ওপর হামলা করে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগ ওঠে।

ওই ঘটনার পর ইসরায়েল সরকার দেশটিতে অবতরণকারী সব উড়োজাহাজের পাইলটদের পরিচয় যাচাইয়ের নির্দেশ দেয়।

আরও