ইরানের ইউরেনিয়ামের পুরো মজুদ এখনো অক্ষত

ইরানের কাছে সেন্ট্রিফিউজ রয়েছে ১৮ হাজারের মতো। মার্কিন হামলায় এই সেন্ট্রিফিউজের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে। তবে ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ইসরায়লের এক কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত আছে। অভিযানে সেন্ট্রিফিউজের বড় একটি অংশ ধ্বংস হলেও এখনো ইউরেনিয়ামের কিছু বিশেষ কন্টেইনার ইরানি কর্মকর্তাদের আয়ত্তে রয়েছে। জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের কয়েক দফা হামলার পর গত ২১ জুন ইরানের তিন গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ফেলা হয় ৩০ হাজার পাউন্ডের ১৪টি বাঙ্কার ব্লাস্টার বোমা। সে সময় মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম একবারে ধ্বংস হয়েছে। আর ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, অন্তত এক থেকে দুই বছর পর্যন্ত পিছিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি।

এই ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করল নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, ইরানের কাছে সেন্ট্রিফিউজ রয়েছে ১৮ হাজারের মতো। মার্কিন হামলায় এই সেন্ট্রিফিউজের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে। তবে সেই কর্মকর্তা জানান, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুদ ইরানের কাছে ছিল, তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রতিবেদনে দাবি করা হয়, এক ধরণের বিশেষ কন্টেইনারে সংরক্ষণ করা হয়েছিল সমৃদ্ধ ইউরেনিয়াম। যেগুলো এখনও ইরানি বিজ্ঞানীদের আয়ত্তে রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েই পারমাণবিক বোমা বানাতে সক্ষম তেহরান।

ইরানের ওই কর্মকর্তা জানান, ১০ মাস আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পরপরই পারমাণবিক বোমা বানাতে তোড়জোড় শুরু করে ইরান। যার যথেষ্ট প্রমাণ ছিল তেলআবিবের কাছে। পরবর্তীতে যা ওয়াশিংটনকেও জানানো হয়। তবে তিনি বলেন, ইরানের মজুদকে তারা বড় কোনো হুমকি মনে করছে না। কোনো পুনরুদ্ধার প্রচেষ্টা হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারিও দিয়েছেন এই কর্মখর্তা। ওই কর্মকর্তার মতে, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত দুই বছর পিছিয়ে গেছে

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বলেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ব আজ অনেক বেশি নিরাপদ।’

আরও