মস্কোর রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, রাজধানীর কুদ্রিনস্কায়া স্কয়ারের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। খবর বিবিসি।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ন্যাশনাল অ্যান্টি-টেররিস্ট কমিটি (এনএকে) জানিয়েছে, স্টালিন-আমলের রেস্তোরাঁটিতে একটি অনুষ্ঠান চলছিল। এমন সময় এক নারী রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে একজন নিরাপত্তারক্ষী তাকে থামান। সেই মুহূর্তেই বিস্ফোরণটি ঘটে এবং ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক গ্রাহক নিহত হন।

এর আগে বিস্ফোরণের পর ধারণা করা হয়েছিল, রেস্তোরাঁটির রান্নাঘরে বিস্ফোরণটি ঘটেছে। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ পরে বিবৃতিতে জানিয়েছে তাদের রান্নাঘরে এমন কোনো ঘটনা ঘটেনি।

এদিকে এ ঘটনার পর কুদ্রিনস্কায়া স্কয়ারের আশেপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। আরআইএ'র প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

আরও