মালির প্রেসিডেন্ট বাহ নাদাউ এবং প্রধানমন্ত্রী মোক্তার উয়ানেকে জরুরিভিত্তিতে মুক্তির দাবি জানিয়ে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন। সৈন্যদের দ্বারা তাদের আটক থাকার প্রতিবেদনের পরপরই মিশনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এর পাশাপাশি ফরাসি ভাষায় করা এক টুইটে মিনুসমা মিশনের পক্ষ থেকে পশ্চিম আফ্রিকার হতদরিদ্র দেশটিকে শান্তি বজায় রাখার কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট এনদাউ এবং উয়ানেকে রাজধানী বামাকোর কাছে কাতি নামক একটি সামরিক শিবিরে নিয়ে গেছে সৈন্যরা।
এক বছরের মধ্যেই পরপর দুটি অভ্যুত্থান দেশটিতে ভীতির উদ্রেক করছে। এদিকে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সোলেইমানি ডওকুরেকেও অবরুদ্ধ করে রাখ হয়েছে বলে জানা যায়।
এর আগে গত সোমবার মালির প্রধানমন্ত্রী উয়ানে বার্তা সংস্থা এএফপিকে এক ফোনকলে বলেছেন যে সৈন্যরা তাকে নিয়ে যেতে এসেছে। সংবাদ সংস্থাটি বলছে, এর পরপরই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে, আফ্রিকান ইউনিয়ন, ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে।
জানা যায়, সরকার পুনঃরদবদলের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই অবরোধ আরোপ করতে দেখা যায়। গত বছরের অভ্যুত্থানে অংশ নেয়া দুজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে এতে অংশ নিতে দেখা গেছে।