প্রিন্সেস ডায়ানার ‘প্রতিশোধের পোশাক’ উঠছে নিলামে

পোশাকটির সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসের আলোচিত একটি ঘটনা। ১৯৯৪ সালে লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে একটি অনুষ্ঠানে এটি পরেছিলেন ডায়ানা। ওই দিনই তার তৎকালীন স্বামী প্রিন্স চার্লস প্রকাশ্যে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার কথা স্বীকার করেন

প্রিন্সেস ডায়ানার পরা একটি বিখ্যাত কালো পোশাক এবার নিলামে উঠছে। এটি পরিচিত ‘রিভেঞ্জ ড্রেস’ বা প্রতিশোধের পোশাক নামে। নিলাম প্রতিষ্ঠান সদবি’সের ধারণা, পোশাকটি সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে। মার্কিন মুদ্রায় যা প্রায় ৩ লাখ ডলারের সমতুল্য।

পোশাকটির নিলাম শুরু হবে আগামী ৯ ডিসেম্বর। ১৯৯৭ সালের পর এবারই প্রথম এটি নিলামে উঠছে। ওই বছর নিজের পরা ৭৯টি পোশাক বিক্রি করেছিলেন ডায়ানা। সেই নিলাম থেকে পাওয়া অর্থ দাতব্য কাজে ব্যয় করা হয়।

পোশাকটির সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসের আলোচিত একটি ঘটনা। ১৯৯৪ সালে লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে একটি অনুষ্ঠানে এটি পরেছিলেন ডায়ানা। ওই দিনই তার তৎকালীন স্বামী প্রিন্স চার্লস প্রকাশ্যে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার কথা স্বীকার করেন।

চার্লসের স্বীকারোক্তির পর ডায়ানা প্রথম জনসম্মুখে আসেন সার্পেন্টাইন গ্যালারির ওই অনুষ্ঠানে। ফলে সেখানে তার উপস্থিতিকে অনেকেই চার্লসের বক্তব্যের জবাব হিসেবে দেখেন। এরপরই পোশাকটিও দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে।

তৎকালীন সময়ে ডায়ানার স্টাইলিস্ট ছিলেন আনা হার্ভি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে যাওয়ার আগে ডায়ানা শেষ মুহূর্তে পোশাক পরিবর্তন করেন। প্রথমে তিনি ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেন্টিনোর একটি গাউন পরার কথা ভেবেছিলেন। পরে সেটি বাদ দিয়ে বেছে নেন কালো পোশাকটি।

কালো সিল্কের কাপড়ের পোশাকটি তৈরি করেন গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। অফ-দ্য-শোল্ডার বা কাঁধ খোলা নকশার পোশাকটির নিচের অংশ অসমান। ডায়ানা এর সঙ্গে রাজকীয় নেকলেস, কালো ক্লাচ ও কালো হিল পরেছিলেন।

সদবি’সের গ্লোবাল হেড অব হ্যান্ডব্যাগস অ্যান্ড ফ্যাশন মর্গান হালিমি বলেন, ‘ডায়ানা বুঝতে পেরেছিলেন ফ্যাশন নিজেই এক ধরনের ভাষা হতে পারে। পোশাকটি বেছে নিয়ে ডায়ানা নিজের জীবনের অত্যন্ত আলোচিত ও আবেগঘন একটি মুহূর্তের বর্ণনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন।’

এর আগে ১৯৯৭ সালে ডায়ানা নিজেই পোশাকটি নিলামে তোলেন। তখন ক্যানসার ও এইডস নিয়ে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছিল। সেই নিলামে ৩৯ হাজার ৯৮ পাউন্ডে পোশাকটি কেনেন তৎকালীন গ্লাসগোর বাসিন্দা ব্রিজ ম্যাকেঞ্জি ও তার স্বামী গ্রেম।

খবর ও ছবি বিবিসি

আরও