ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের ওফের কারাগার ত্যাগ করতে শুরু করেছে বলে লাইভ ফুটেজে দেখা গেছে। তবে দীর্ঘ কারাবাসের পর বন্দিদের মুক্তির এই ক্ষণে তাদের জন্য অপেক্ষারত স্বজনদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। খবর এপি।
আজ মুক্তি পেতে যাওয়া ২৫০ জন বন্দির অপেক্ষায় তাদের পরিবারের সদস্যসহ কয়েকশো ফিলিস্তিনি ওফের কারাগারের কাছে ভিড় জমিয়েছিলেন। এ সময় ইসরায়েলি পতাকা লাগানো একটি সামরিক সাঁজোয়া যান কারাগারের নিকটবর্তী একটি পাহাড়ের দিকে এগিয়ে আসে। ওপর দিয়ে ড্রোন উড়তে থাকার মধ্যেই সেই যান থেকে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ভিড় ছত্রভঙ্গ করে দেয়া হয়।
এই ঘটনার আগে একটি প্রচারপত্র বিলি করা হয়েছিল। সেখানে সতর্ক করা হয় যে, বন্দিদের সমর্থনে কেউ কোনো ধরনের কার্যকলাপ প্রদর্শন করলে তাকে গ্রেফতার করা হতে পারে।