অবৈধ ওয়াকিটকি রাখাসহ আরো কয়েকটি অভিযোগে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর রয়টার্স।
আজ সোমবার লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখার দায়ে দুই বছর ও করোনাভাইরাস সম্পর্কিত দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের মামলায় দুই বছর করে সুচিকে মোট ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।
মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে আরো বলা হয়, সুচি যেখানে বন্দি আছেন, সেখান থেকেই চার বছরের এ সাজা ভোগ করবেন। তবে, তিনি কোথায় বন্দি আছেন সে কথা উল্লেখ করা হয়নি।
এর আগে, সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি ও কোভিড-১৯ প্রটোকল লঙ্ঘনের দায়ে ৪ বছরের সাজা প্রদান করেন আদালত। তবে তার সাজার অর্ধেক কমিয়ে দেন সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং। সুচির বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সামগ্রিক বিবেচনায় তার একশ বছরের কারাদণ্ড হতে পারে। যদিও সুচি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।