ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি আশা করছেন গাজা থেকে আটক সব জিম্মি মুক্তির ঘোষণা ‘আগামী কয়েক দিনের মধ্যেই’ দিতে পারবেন। খবর এপি।
শনিবার রাতে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে মিশরে পাঠিয়েছে, যেখানে সোমবার থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন শান্তি পরিকল্পনা নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হবে।
তিনি বলেন, আলোচনাগুলোকে সীমিত সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্য ইসরায়েলের। তবে গাজা থেকে সামরিক বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার হবে না। নেতানিয়াহু স্পষ্ট করে জানান, ইসরায়েল বর্তমানে যেসব অঞ্চল নিয়ন্ত্রণ করছে সেগুলো ধরে রাখবে, এবং হামাসকে নিরস্ত্র করা হবে — কূটনৈতিক বা প্রয়োজনে সামরিকভাবে।
এদিকে, হামাস জানিয়েছে তারা মার্কিন পরিকল্পনার কিছু অংশে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, হামাস দ্রুত পদক্ষেপ না নিলে সবকিছু বন্ধ হয়ে যাবে।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাস গাজায় অবশিষ্ট ৪৮ জন জিম্মিকে তিন দিনের মধ্যে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল সামরিক অভিযান স্থগিত করবে, কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে এবং শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার কায়রোতে ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় বসবেন। এতে অংশ নিচ্ছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। তিনি গাজায় সম্ভাব্য প্রত্যাহার ও বন্দি বিনিময় প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।