জর্ডানে রাতভর হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস। গতকাল এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে এসব হামলা চালানো হয়। খবর রয়টার্স ও জেরুজালেম পোস্ট।
জ্যাকবস জানান, ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে একটি ডানা হারিয়েছে। এছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো ফের কাজে ফিরিয়ে নেয়া হয়েছে।
জ্যাকবসের তথ্যমতে, হামলার দায় স্বীকার করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
তিনি আরো জানান, ইরানের হামলার সময় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পরও মার্কিন সামরিক বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়।
অঞ্চলজুড়ে পাল্টাপাল্টি হামলা
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়। বুধবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি জ্বালানি তেলবাহী জাহাজে হামলা চালানোর পর ইরানের এ হামলা হয়।
এর আগে হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছিল। সেটিও ছিল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা।
এছাড়া আগের দুই দিনে আইআরজিসি দাবি করে, তারা আটটি জ্বালানি তেলবাহী জাহাজ ও দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবিও করেছে তারা।
গতকাল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিকের কয়েকটি এলাকায় প্রজেক্টাইল আঘাত হেনেছে।