শ্বাসতন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে পোপ ফ্রান্সিস

রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের পক্ষ থেকে বলা হচ্ছে, শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে এই ধর্মীয় ব্যক্তিত্বকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে

রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের পক্ষ থেকে বলা হচ্ছে, শ্বাসতন্ত্রে সংক্রমণের কারণে এই ধর্মীয় ব্যক্তিত্বকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। খবর বিবিসি।

গতকাল বুধবারের (২৯ মার্চ) এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ৮৬ বছর বয়সী ফ্রান্সিস শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু তার কভিড শনাক্ত হয়নি।

নিরাপত্তা কর্মীসহ ঘনিষ্ট ব্যক্তিরা ইতালির জেমেলি হাসপাতালে পোপের সঙ্গে থাকবেন বলে আশা করা হচ্ছে।

পোপ ফ্রান্সিসের জন্য এখন বছরের সবচেয়ে ব্যস্ত সময়। ইস্টারের ছুটির আগে বিভিন্ন অনুষ্ঠানের জন্য সময় দিতে হয় তাকে। এছাড়া এপ্রিলের শেষে তার হাঙ্গেরি সফরের কথা রয়েছে।

গতকাল সকালেও সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক সাধারণ সভায় দর্শনার্থীদের মাঝে উপস্থিত ছিলেন পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকান প্রথমে জানিয়েছিল, পোপ পূর্ব নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। কিন্তু এক টেলিভিশন সাক্ষাৎকার বাতিল করায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে ইতালির মিডিয়া।

ওই সংবাদের প্রতিক্রিয়ায় সবাইকে পোপের জন্য বেশি বেশি প্রার্থনা করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন দ্বিতীয় কোনো রোমান ক্যাথলিক যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

হাঁটুতে ব্যথার কারণে সাম্প্রতিক মাসগুলোতে হুইলচেয়ার ব্যবহার করছিলেন পোপ। ২০২১ সালে কোলনের সমস্যার জন্য তার অস্ত্রোপচার হয়। গত জানুয়ারিতে তিনি জানান, পুরোনো সমস্যা ফিরে এসেছে। অসুস্থতা সত্ত্বেও দৈনন্দিক কার্যক্রম ও বিদেশ সফরে সক্রিয় রয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও দক্ষিণ সুদান সফর করেন।

গত জানুয়ারিতে পোপ তার পূর্বসূরি ষোড়শ বেনেডিক্টের শেষকৃত্যে নেতৃত্ব দিয়েছিলেন। বেনেডিক্ট ছিলেন এক শতকে স্বেচ্ছায় পদত্যাগকারী প্রথম পোপ। অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে যান তিনি। পোপ ফ্রান্সিসও স্বাস্থ্যের অবনতি হলে বেনেডিক্টের পদাঙ্ক অনুসরণের ইঙ্গিত দিয়েছিলেন।

আরও