নিখুঁত পরিকল্পনা আর দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে জার্মানির একটি ব্যাংকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বড়দিনের ছুটির আমেজে পুরো শহর যখন শান্ত, ঠিক তখনই ড্রিল মেশিন দিয়ে ব্যাংকের ভল্ট ফুটো করে লুট করা হয়েছে প্রায় ৩০ মিলিয়ন ইউরো। চুরির এ ঘটনা বলিউডের যেকোনো সিনেমার গল্পকেও হার মানায়। খবর বিবিসি।
হলিউড সিনেমা ‘ওশানস ইলেভেন’ এর স্টাইলে করা চুরি অত্যন্ত পেশাদার ও সংঘবদ্ধ চোরদের কাজ বলে উল্লেখ করেছে জার্মান পুলিশ। দেশটির গেলসেনকির্খেন শহরের স্পার্কাস সেভিংস ব্যাংকে এ চুরির ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, চোরেরা ব্যাংকের নিচের ভল্ট রুমে ঢুকে তিন হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙেছে। এসব বক্সে গ্রাহকদের রাখা নগদ টাকা, স্বর্ণ ও মূল্যবান অলংকার ছিল। সোমবার ভোরে ব্যাংকের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে বিষয়টি জানতে পারে।
তদন্তে জানা গেছে, চোরেরা ব্যাংকের পাশের একটি পার্কিং গ্যারেজ ব্যবহার করে ভেতরে ঢুকেছিল। প্রত্যক্ষদর্শীরা শনিবার রাতে ওই গ্যারেজের সিঁড়িতে বড় ব্যাগ হাতে কয়েকজনকে দেখতে পেয়েছিলেন। এছাড়া সিসিটিভি ফুটেজে সোমবার ভোরে একটি কালো রঙের অডি গাড়ি গ্যারেজ থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা গেছে। তবে অপরাধীদের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ৯৫ শতাংশ সেফ ডিপোজিট বক্স ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এতে ব্যাংকের প্রায় সব গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পড়েছেন। প্রতিটি বক্সে রাখা সম্পদের বিপরীতে সর্বোচ্চ ১০ হাজার ৩০০ ইউরো পর্যন্ত বিমা সুবিধা দেয়ার কথা জানিয়েছে ব্যাংকটি। পাশাপাশি গ্রাহকদের নিজ নিজ গৃহ বিমায় অতিরিক্ত কাভারেজ আছে কি না, তা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে চুরির খবর ছড়িয়ে পড়ার পর বিপুলসংখ্যক গ্রাহক ব্যাংকের সামনে জড়ো হন। তারা নিজেদের জমা রাখা সম্পদের বিষয়ে তথ্য জানতে চান। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এক ভুক্তভোগী গ্রাহক জানিয়েছেন, ব্যাংকের সেফ ডিপোজিট বক্সেই ছিল তার সারা জীবনের সঞ্চয়। দুশ্চিন্তায় তিনি সারা রাত ঘুমাতে পারেননি।
বর্তমানে ব্যাংকটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সহায়তার জন্য স্পার্কাস ব্যাংক একটি বিশেষ যোগাযোগ নম্বর চালু করেছে।