ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে এক বছরের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় ও সদাচরণের শর্তে মুক্তি দেয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ৫০ হাজার রুপির জামিন বন্ড জমা দেয়ার পর তাদের মুক্তি দেয়া হয়। খবর এনডিটিভি।
দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামী এক বছর শান্তি বজায় রাখা ও ভালো আচরণ করার শর্তে তাদের জামিন বন্ড জমা দিতে হয়েছে।
সিজেপির এক আইনজীবী জানিয়েছেন, দলটির তিন নেতার মুক্তির অন্যতম শর্ত হলো, তারা এক বছর ‘শান্তি-শৃঙ্খলা ভঙ্গ’ করতে পারবেন না।
এর আগে পুলিশ হেফাজত থেকে ছাড়া পেয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি।
গতকাল বিক্ষোভে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। কাছাকাছি সময়ে বাড়ি থেকে আটক হন ধ্রুব রাঠি।
গতকাল নয়াদিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের আগে তাদের আটক করা হয়েছিল। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভের ডাক দিয়েছিল দলটি।