পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে মানবিক আচরণ ও যথাযথ চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের ২১ সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেয়া এক চিঠিতে তারা ইমরানের স্বাস্থ্যের স্বাধীন ও পূর্ণাঙ্গ মূল্যায়ন, সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত দেয়ার দাবি জানিয়েছেন। খবর আল জাজিরা।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছে। সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। আদালত সেখানে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে তার পরীক্ষা ও চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন।
তবে ইমরানকে আদালতের নির্দেশিত বেসরকারি হাসপাতালে না নিয়ে সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে সরকারি চিকিৎসকদের একটি দল তাকে পরীক্ষা করে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করার পর অল্প সময়ের মধ্যেই তাকে কারাগারে ফেরত পাঠানো হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ ঘটনায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনও করেছে।
২৩ আগস্টের ওই চিঠিতে সাবেক ক্রিকেট অধিনায়কেরা বলেন, সুপ্রিম কোর্ট যে মেডিকেল বোর্ডের মাধ্যমে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার নির্দেশ দিয়েছেন, সেটিকে পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়ন সম্পন্ন করার সুযোগ দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার যে খবর এসেছে, তা গুরুত্বের সঙ্গে পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন তারা।
চিঠিতে আরো বলা হয়, আদালতের নির্দেশে পুনর্বহাল হওয়া সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ কোনো প্রশাসনিক বাধা বা বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার ফল যা-ই হোক, চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত দেয়ার দাবিও জানিয়েছেন তারা।
সাবেক ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডের পরিবর্তে সরকারি চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা এবং দ্রুত তাকে কারাগারে ফেরত পাঠানোর ঘটনা আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
চিঠিতে বলা হয়, ইমরান খানের মামলা ঘিরে আইনগত ও রাজনৈতিক বিতর্ক থাকতে পারে। তবে আদালতের নির্দেশে তার চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা একটি মৌলিক মানবিক বিষয়।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। তবে দুই দফা চিঠির কোনোটিতেই সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের স্বাক্ষর নেই।
ইমরানের সাবেক ক্রিকেট প্রতিদ্বন্দ্বী ও পরবর্তী সময়ে বন্ধু হয়ে ওঠা গ্রেগ চ্যাপেল দুই দফা আবেদনেরই উদ্যোগ নেন। ফেব্রুয়ারিতে প্রথম চিঠি দেয়ার পর এবারও তিনি উদ্যোগী হন। তার ভাষ্য, চিঠিটির উদ্দেশ্য রাজনৈতিক হস্তক্ষেপ নয়; বরং মানবাধিকার ও মানবিক আচরণের একটি বিষয় সামনে আনা।
এ বিষয়ে মন্তব্যের জন্য পাকিস্তান সরকারের সঙ্গে আল জাজিরা যোগাযোগ করলেও কোনো সাড়া দেয়নি।