যুক্তরাষ্ট্রের দাবি

‘ভুলবশত’ তিনটি মার্কিন এফ-১৫ জেট ভূপাতিত করেছে কুয়েতের বিমানবাহিনী

গতকাল রাতে ‘অপারেশন এপিক ফিউরি’তে সহায়তা দিতে উড়ছিল তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল

যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ‘ভুলবশত’ কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। অবশ্য বিষয়টি নিয়ে এরই মধ্যে পরস্পরবিরোধী খবর ছড়িয়েছে।

সেন্টকমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গতকাল রাতে ‘অপারেশন এপিক ফিউরি’তে সহায়তা দিতে উড়ছিল তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল। পরে কুয়েত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভুলবশত’ যুদ্ধবিমানগুলো ভূপাতিত করে বলে জানায় সেন্টকম।

এর আগে কুয়েতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইরান।

কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই দুর্ঘটনায় বিমানগুলো বিধ্বস্ত হলেও ক্রু সদস্যদের সবাই বেঁচে গেছেন।

ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নিচের দিকে আছড়ে পড়ছে। ভিডিওর পরের অংশে দেখা যায়, বিমানটি মাটিতে আঘাত হানার আগেই পাইলটরা সফলভাবে ‘ইজেক্ট’ বা বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্যারাশুটের সাহায্যে মরুভূমির বুকে অবতরণ করেন। ভিডিওটি যাচাই করেছে সিএনএন।

কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সাঈদ আল-আতওয়ান বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।‘ তিনি জানান, ক্রুদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সমস্ত ক্রু সদস্য এখন ‘স্থিতিশীল’ অবস্থায় আছেন এবং কুয়েত ঘটনাটি নিয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ‘সরাসরি সমন্বয়’ বজায় রাখছে।

আরও