হিউম্যানয়েড হাফ-ম্যারাথনে হেরে গেল রোবটেরা, মানুষই জয়ী

প্রতিযোগিতায় ছিল প্রায় ১২ হাজার মানুষ, আর রোবটদের জন্য ছিল আলাদা লেন। বিজয়ী রোবটটি ছিল তিয়াঙ্গং আলট্রা, যার নির্মাতা বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার।

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম ‘হিউম্যানয়েড’ হাফ-ম্যারাথন, যেখানে ২০টিরও বেশি দুই পা ওয়ালা রোবট মানুষের সঙ্গে একসঙ্গে দৌড়াল। প্রযুক্তিগতভাবে রোবটগুলো বেশ চমকপ্রদ হলেও দৌড়ে মানুষের সঙ্গে পাল্লা দিতে পারেনি তারা। খবর সিএনএন।

বেইজিংয়ের দক্ষিণ-পূর্বের ইজুয়াং ডিসট্রিক্টে ২১ কিলোমিটারের পথ পাড়ি দেয় রোবটরা। প্রতিযোগিতায় ছিল প্রায় ১২ হাজার মানুষ, আর রোবটদের জন্য ছিল আলাদা লেন। বিজয়ী রোবটটি ছিল তিয়াঙ্গং আলট্রা, যার নির্মাতা বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। এটি দৌড় শেষ করে ২ ঘণ্টা ৪০ মিনিটে, যেখানে মাত্র ১ ঘণ্টা ২ মিনিট সময় নিয়ে হাফ ম্যারাথনে জয়ী হয়েছে উগান্ডার দৌড়বিদ জ্যাকব কিপলিমো। হাফ ম্যারাথনে মানুষের বিশ্বরেকর্ড হলো ৫৬ মিনিট ৪২ সেকেন্ড।

তিয়াঙ্গং আলট্রা দৌড়ের সময় তিনবার ব্যাটারি পরিবর্তন করেছে। তার দীর্ঘ পা ও বিশেষ অ্যালগরিদম তাকে মানব দৌড় অনুকরণে সাহায্য করেছে। তবে নিরাপত্তার জন্য একজন সহকারী পুরো সময় তার পেছনে দাঁড়িয়ে ছিলেন, যাতে পড়ে গেলে ধরে ফেলতে পারেন। বেশিরভাগ রোবটই সাহায্যকারী বাঁধা অবস্থায় দৌড়েছে। কিছু রোবটকে রিমোট কন্ট্রোলে পরিচালনা করা হয়েছে।

এই আয়োজনকে চীনের রোবোটিক্স উন্নয়নের একটি প্রদর্শনী হিসেবেই দেখা হচ্ছে। এ খাতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে চায় দেশটি। তবে স্পষ্ট হলো, মানুষের সঙ্গে পা মিলিয়ে দৌড়াতে আরো অপেক্ষা করতে হবে রোবটকে।

আরও