তুচ্ছ বিষয়ে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়ায় ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ১০ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। এ অভিযোগে ট্রাম্পের সঙ্গে দায়ী করা হয়েছে তার একজন আইনজীবীকেও।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, মামলাটিকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তাদের এ জরিমানা করা হয়েছে। গত সেপ্টেম্বরেই মামলাটি খারিজ করা হলেও ক্লিনটনসহ অন্যান্য বিবাদীদের আবেদনের প্রেক্ষিতে সর্বশেষ আদেশটি দেয়া হলো।
২০২২ সালে ট্রাম্পের করা মামলাটিতে হিলারির বিরুদ্ধে অভিযোগ করা হয়, ক্লিনটন এফবিআইয়ের সঙ্গে জোট পাকিয়ে ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন। এছাড়া তিনি রাশিয়ার সঙ্গেও আঁতাত করার চেষ্টা করেছিলেন।
অভিযোগের পরপরই আদালত মামলাটি খারিজ করে দেন। আদালত পর্যেব্ক্ষণে বলেন, বাদীর যুক্তিগুলো অযৌক্তিক ও ছেলেমানুষি। এটা এমন অভিযোগ, যা কখনো তোলাই উচিত নয়।