চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাতে আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষত যেসব বড় শক্তি এ দুই পক্ষের ওপর বিশেষ প্রভাব রাখে তাদের উচিত উত্তেজনা কমানোর উদ্যোগ নেয়া, উল্টোটা না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। যদিও শি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানকে লক্ষ্য করেই দেয়া। খবর সিএনএন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি বলেন, ‘সংঘাতের পক্ষগুলোর ওপর যেসব বড় শক্তির বিশেষ প্রভাব রয়েছে, তাদের উচিত পরিস্থিতি ঠাণ্ডা করার চেষ্টা করা, এর উল্টো নয়।’
এ বক্তব্য এমন সময় এল যখন ট্রাম্প একদিকে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছেন ও অন্যদিকে ইরানে সামরিক হামলার সম্ভাবনা খতিয়ে দেখছেন।
ফোনালাপে শি ও পুতিন উভয়েই ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘নিন্দনীয়’ আখ্যা দেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানান। চীনা প্রেসিডেন্ট আরো বলেন, ‘সংঘাতরত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েল যেন দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় ও যুদ্ধ অন্যত্র ছড়িয়ে না পড়ে।’
ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী, পুতিন এ সংকটে মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং চীনের সঙ্গে একমত পোষণ করেন যে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হওয়া উচিত।